স্বপ্না অপহরণ
শংকর ব্রহ্ম
১).
স্বপ্নার খুব ভাল লাগে ভোর বেলার সময়টা। তাই সে বাইরে আলো ফোটার আগেই বিছানা ছেড়ে উঠে পড়ে। অন্ধকার থেকে কিভাবে ধীরে ধীরে আলো ফুটে বের হয়, তা দেখে সে অবাক হয়ে যায়। দিন দিন সেই একই দৃশ্য দেখবার পরও তার বিস্ময়ের ঘোর কাটে না। প্রতিটি দিন তার কাছে যেন নতুন, একবারে আনকোড়া মনেহয়। মায়ের হাতে সানলাইট সাবানে কাচা কাপড়ের মতো, ধপধপে সাদা রঙের স্কুল ড্রেসের মতো। কোথাও কোনও মলিনতা নেই। সে বসে ঘরের জানলা দিয়ে মায়ের ঘুম না ভাঙা পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকে। মা ঘুম থেকে ওঠার পর সে হাত মুখ ধুয়ে বারান্দায় মাদুর পেতে বসে স্কুলের বই খাতা নিয়ে। বই খুলে স্কুলের পড়া পড়তে শুরু করে মনে মনে।
কাকটা কৃষ্ণচূড়া গাছে বসে সেই সকালবেলা থেকেই অনেকক্ষণ ধরে ডাকছে। স্বপ্না বসে বই পড়ছিল। সে আনন্দ আশ্রম স্কুলে ক্লাস ফাইভে পড়ে। দেখতে রোগা পাতলা চেহারা তার। গায়ের রঙ চাপা, মলিন। তবে মুখখানা ভারি মিষ্টি। চোখ দু'টি উজ্জ্বল কালো ও মায়াময়।
স্বপ্নার বাবা রিক্সা চালায়। আনন্দ আশ্রম রিক্সা স্ট্যান্ডে দাঁড়ায়। নাকতলার উদয়ন সংঘের কাছে দু'টি বাড়িতে স্বপ্নার মা রান্নার কাজ করে। বাবা সকাল বেলায় রিক্সা নিয়ে বেরিয়ে যায়। মা স্বপ্নাকে কৌটো থেকে মুড়ি বের করে, একটা এলুমনিয়ামের বাটিতে ঢেলে দিয়ে, খেতে বলে, লোকের বাড়ি কাজে বেরিয়ে যায়।
দুপুর এগারোটা থেকে স্বপ্নার ক্লাস শুরু হয়। মা বেরিয়ে যাওয়ার পর সে বারান্দায় মাদুর পেতে, স্কুলের ব্যাগ থেকে বই খাতা বের করে নিয়ে হোম টাক্স করতে বসে। অন্যদিনের মতো সেদিনও স্বপ্না বসে তাই করছিল। তারা বস্তির একটা ভাড়া বাড়িতে থাকে। ঘরটা তাদের রাস্তার পাশে। সেখানে একটা খোলা নর্দমা। সেই নর্দমা দিয়ে ভাড়াটেদের নোংরা জল বেরিয়ে বড় ড্রেনের সঙ্গে গিয়ে মেশে। পরিবেশটা দুর্গন্ধময়। নর্দমার ওপারে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। গ্রীষ্মকালে গাছটা লাল ফুলে ভরে ওঠে। তখন সেদিকে তাকিয়ে দেখে গাছটার মাথায় আগুন লেগেছে মনেহয় স্বপ্নার। তাদের বারান্দটা রাস্তার দিকে মুখ করা। তাই কৃষ্ণচূড়া গাছটা বারান্দার মুখোমুখি দাঁড়িয়ে। সেই গাছটাতেই বসে কাকটা ডাকছিল।
সেই বস্তিতে তাদের মতো আরও আট-দশটি ভাড়া ঘর আছে। সেখানেও ভাড়াটেরা থাকে। কোনও ঘর ফাঁকা নেই। তাদের ঘরগুলি ভিতরের দিকে। তাদের কেউ বাজারে সবজি বিক্রি করে। কেউ কাঠমিস্ত্রি। কেউবা তার বাবার মতো রিক্সা চালায়। রাজমিস্ত্রি আছে একজন। তাদের মধ্যে কেউ কেউ বিবাহিত। কেউ কেউ অবিবাহিত। সারা বাড়িতে একটা মাত্র টিউকল। সেখানে সারাদিন ঘটাং ঘটাং আওয়াজ চলতেই থাকে। প্রথম প্রথম অস্বস্তি হত সপ্নার। এখন অভ্যাস হয়ে গেছে। তারপর ভাড়টেদের মধ্যে ঝগড়া অশান্তি তো লেগেই থাকে। সেই সময় মুখ থেকে অশ্রাব্য সব নোংরা কথা গল গল করে নর্দমার নোংরা দুর্গন্ধ জলের মতো বেরিয়ে আসতে থাকে। ভদ্রলোকেরা যা শুনে কানে আঙুল দিলেও, বস্তির লোকদের তা নিয়ে কারও কোনও মাথা ব্যথা নেই। সেগুলি তীরের ফলার মতো ছুটে এসে, স্বপ্নার কানকে বিদ্ধ করে। কখনও কখনও গালাগালি থেকে হাতাহাতি শুরু হতে সময় লাগে না। তার মধ্যেই স্বপ্নার পড়াশুনা চলাতে হয়। ঝগড়ার সঙ্গে কাকের ডাকটা কোরাসের মতো মনে হয়েছিল স্বপ্নার। তাই প্রথম দিকে কাকের ডাকটাকে সে গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেওয়ার মতো কোনও কারণ আছে বলে তার মনে হয়নি। হঠাৎ এক সময় তার মনেহল, কাকটা যেন মা মা শব্দ করে ডাকছে। তাই স্বপ্না পড়া থামিয়ে কাকটার দিকে তাকিয়ে বলল, কি বলছিস?
- মা মা ( কা কা)
- কি?
- খিদে পেয়েছে ( কা কা)
- দাঁড়া।
বলে ঘরের ভিতর গিয়ে তার মুড়ির বাটি থেকে একমুঠো মুড়ি তুলে নিয়ে বাইরে এসে উঠোনে ছড়িয়ে দিয়ে স্বপ্না বলল, নে এবার খা।
কাকটা আমগাছে থেকে নেমে এসে চারপাশ একবার মাথা ঘুরিয়ে দেখে নিয়ে, মুড়িগুলি ঠোঁট দিয়ে তুলে নিয়ে টপাটপ গিলে ফেলতে লাগল। তার দেখা- দেখি আরও কয়েকটা কাক কোথা থেকে উড়ে এসে সেই কাকটার সঙ্গে মুড়িগুলি খেতে লাগল। খাবার নিয়ে কাকগুলির মধ্যে বস্তির লোকগুলির মতো ঠোকরা-ঠুকরি নেই। তবে বস্তির লোকগুলি এমন কেন? স্বপ্না মনেমনে ভাবে। আর ভেবে খুবই অবাক হয়।
এরপর থেকে মাঝে মাঝে কাকটা এসে কৃষ্ণাচূড়া গাছে বসে, স্বপ্নাকে 'মা মা' বলে ডাকে। স্বপ্না তা স্পষ্ট শুনতে পায়। আর কাকটার এই ডাক শুনলেই সে আর স্থির থাকতে পারে না। পড়ায় আর মন বসাতে পারে না। সে বই খাতা মাদুরে ফেলে রেখে উঠে গিয়ে, ঘরে যা খাবার থাকে, তাই এনে কাকটাকে খেতে দেয়। মুড়ি না থাকলে, বাসি রুটি, বিস্কুট, চানাচুর, ঘরে যা মজুত থাকে। কাকটা সেগুলি খুঁটে খেয়ে উড়ে গেলে পরে, স্বপ্নার মনে শান্তি আসে। সে আবার স্কুলের হোম টাক্সে মন বসাতে পারে।
সেই কাকটাই যে মাঝে মাঝে আসে, স্বপ্না কাকটাকে চিনতে পারে কি করে? সব কাকই তো দেখতে একরকম। আলাদা করে কাকটাকে চিনে রাখা মোটেই সহজ নয়। স্বপ্না চিনতে পারে কাকটার মাথায় একটা সাদা পালক থাকে , তা দেখে। সে তার স্কুলের বন্ধু অনিতার কাছে শুনেছে, চিড়িয়াখানায় নাকি সাদা কাক দেখতে পাওয়া যায়। স্বপ্না কখনও চিড়িয়াখানায় যায়নি। যাবে কি করে?
চিড়িয়াখানায় গেলে বাবার রিক্সা চালানো বন্ধ রাখতে হবে। তাতে সারাদিনের আয় বন্ধ। তার উপর চিড়িয়াখানায় যাওয়ার জন্যও অনেক চাকা খরচও আছে। তাদের তিনজনের যাতায়াত ভাড়া, চিড়িয়াখানা ঢোকার জন্য তিনটে টিকিটের দাম। এসব তাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাদের।
স্কুলে গিয়ে সেদিন টিফিনের পিরিয়ডে অনিতাকে কাকের ঘটনাটা বলেছিল স্বপ্না, সে বিস্ময়ের চোখ তুলে তার দিকে তাকিয়ে জিজ্ঞসা করেছে, সত্যিই সত্যিই কাকটা 'কা কা' না ডেকে 'মা মা' করে ডেকেছিল তোকে?
- হ্যাঁ সত্যি।
- বাহ, বেশ মজার তো। যাব একদিন তোদের বাড়িতে কাকটা দেখতে।
- চল না দেখবি।
কথাটা বলেই স্বপ্নার মনেহয়। অনিতারা থাকে নাকতলায় একটা পাকা বাড়িতে। তার বাবা পোষ্টমাষ্টার। আর স্বপ্নারা থাকে বিদ্যাসাগর কলোনীর ভিতর বস্তির একটা কাঁচা ঘরে। বাবা রিক্সা চালায়। ফলে, অনিতাকে তাদের বাড়িতে আনাটা ঠিক হবে কিনা বুঝতে পারে না। তাই সে আর বেশি আগ্রহ দেখায় না, তাকে তাদের বাড়িতে আনার জন্য।
এরপর থেকে অনিয়মিত কাকটা আসতে শুরু করে। আর যেদিনই আসে, সেদিন সে তার মাথার থেকে সাদা পালকটা তাদের বারান্দায় পালকটা ফেলে রেখে চলে যায়। স্বপ্না সেগুলি তুলে এনে তার ছোটবেলার পুতুল খেলার বাক্সে রেখে দিত। পালকগুলি দেখত অনেকটা সাদা রূপোর মতো চকচক করত। একদিন বাবাকে সেগুলি দেখাতে, সে দেখে বলল, এগুলি তো দেখে রূপোর মতো মনে হচ্ছে। নাকতলার একটা সোনা রূপার দোকান আছে।আজ আমি এগুলি নিয়ে গিয়ে তাদের দেখিয়ে আনব। দেখি কি বলে ওরা। তুই এগুলি কোথায় পেয়েছিস?
- একটা কাক আছে, যেদিন সে আসে সেদিন একটা করে পালক ফেলে দিয়ে যায় আমাদের বারান্দায়।
- কি বলিস তুই? সত্যি?
- সত্যি না হলে, কোথায় পাব আমি এগুলি?
- তাও তো বটে। আর কাউকে বলেছিস এ'কথা?
- না।
- আর কাউকে বলিস না।
আর কাউকে বলিস না, বাবা স্বপ্নাকে বললেও, কথাটা গোপন রইল না। কানা-ঘুষায় কিভাবে যেন কথাটা অনেকেই জেনে গেল।
একদিন 'গড়িয়া বার্তা'-র এক সাংবাদিক এসে স্বপ্নার সাথে কথা বলে তাদের বাড়ির ছবি তুলে নিয়ে গেল। পরের সপ্তাহেই 'গড়িয়া বার্তা'-য় বাড়ির ছবি সহ সংবাদটা প্রকাশ হয়ে গেল। তারপর থেকেই মাঝে মাঝেই লোকেরা এসে তাদের বাড়িটি দেখে যেত। স্বপ্না বেশ জনপ্রিয় হয়ে পড়ে এতে। স্কুলের বন্ধু অনিতা তাকে বলে, কিরে তোদের বাড়িতে নাকি একটা কাক এসে রোজ একটা করে রূপোর পালক ফেলে রেখ৷ যায়?
- কে বলল তোকে?
- বাবা বলেছে। কোন কাগজে পড়েছে যেন।
স্বপ্না তার কথা শুনে বুঝতে পারল, হয়তো 'গড়িয়া বার্ত'-য় পড়েছে।
অনিতা আবার বলল, কিরে সত্যি এটা?
স্বপ্না বলল, মাথা দুলিয়ে জানাল, সত্যি।
- একটা পালক একদিন এনে দেখাবি আমাকে?
- দেখাব।
পরদিন স্বপ্না একটা পালক নিয়ে গেল অনিতাকে দেখবার জন্য। টিফিনের সময় বইয়ের ব্যাগ থেকে রূপোর পালকটা বের করে অনিতাকে দেখাল। অনিতা পালকটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে অবাক হয়ে গেল। তারপর অনিচ্ছা সত্ত্বেও পালকটা স্বপ্নার হাতে ফিরিয়ে দিল। স্বপ্নার স্কুল ছুটি হয় চারটায়। ছুটি হওয়ার পর স্কুল থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ জটলা করে, স্বপ্না বাড়ি ফেরে। সেদিন স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে জটলা করা শেষ করে, একা একা বাড়ি ফেরার সময একটা সাদা রঙের মটরগাড়ি এসে তার পিছনে থামে। গাড়ি থেকে নেমে এসে কালো রঙের সানগ্লাস পরা একটা লোক স্বপ্নার মুখে একটা রুমাল চেপে ধরে। অন্য দু'জন লোক তখন গাড়ি থেকে নেমে এসে, স্বপ্নাকে পাঁজা কোলে তুলে নিয়ে গিয়ে গাড়ির ভিতরে বসে। গাড়ি চলতে শুরু করে। তারপর স্বপ্নার কেমন ঘুম জড়িয়ে এসে চোখ বুজে যায়। আর কিছু মনে থাকে না তার।
স্বপ্না স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি দেখে তার মা রাণু ভাবে, মেয়ে বোধহয় কোনও বন্ধুর বাড়িতে গেছে। এক্ষুণি ফিরে আসবে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন স্বপ্না বাড়ি ফিরে আসে না, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে। প্রতিদিন সন্ধ্যার সময় স্বপ্নার বাবা ভোলানাথ রিক্সা নিয়ে বাড়ি ফিরে এসে রুটি তরকারি টিফিন খেয়ে যায়। সেদিন বাড়ি ফিরে এসে স্ত্রীকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে। তখন তার কাছে জানতে চায়, কি হয়েছে?
- স্বপ্না স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি। বলেই তিনি কেঁদে ফেলেন।
স্বপ্না স্কুল থেকে বাড়ি ফিরে আসেনি শুনে ভোলানাথ খুব চিন্তায় পড়ে যায়। ভাবে স্বপ্না গেল কোথায়?
হঠাৎ তার মনে পড়ল, রিক্সা স্ট্যান্ডে সে এক রিক্সাঅলার কাছে শুনেছিল বটে, আনন্দ আশ্রম স্কুলের কোন এক ছাত্রীকে নাকি আজ বিকালে একটা সাদা মোটরগাড়ি এসে তুলে নিযে গেছে। কথাটা শুনে তখন তার ঘুণাক্ষরেও মনে হয়নি যে, সে তার মেয়ে স্বপ্না হতে পারে।
সন্ধ্যার সময় সে স্বপ্নার একটা সাম্প্রতিক তোলা ছবি নিয়ে তার এক রিক্সাঅলা বন্ধু বাদলের সঙ্গে নিয়ে রিজেন্টপার্ক থানায় গিয়ে মিসিং ডাইরী করে, নিজেই রিক্সা চালিয়ে আনন্দ আশ্রম স্ট্যান্ডে ফিরে এলো। তারপর বিষণ্ণ মনে রিক্সা নিয়ে বাড়ি ফিরে এলো। ফিরে এসে দেখল রাণু বসে বসে কাঁদছে। সেদিন রাতে দু'জনের কারও মুখে কোনও খাবার উঠল না।শোকে দুশ্চিন্তায় সারারাত ঘুম হল না তাদের।
২).
স্বপ্নার যখন জ্ঞান ফিরল, সে চোখ মেলে দেখল একটা গ্যারেজের মেঝেতে চিৎ হয়ে পড়ে আছে। মেঝে থেকে মাথা তুলতে গিয়ে দেখল, মাথাটা ভারি ভারি লাগছে। কেমন ঘোরলাগা একটা ভাব। পেট্রোলের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। চারিদিকে কালি-ঝুলি মাখা ন্যাকড়া ছড়িয়ে পড়ে আছে। তার খুব খিদে পাচ্ছে। এখন কি করা যায়? একজন লোক তখন দরজার তালা খুলে গ্যারেজের ভিতরে এসে ঢুকল। লোকটার পরনে চেক-কাটা লুঙ্গি, গায়ে ঝুলি কাল মাখা গেঞ্জি। মাথায় ছোট করে ছাঁটা কাঁচা পাকা চুল। মুখখানা তোবড়ানো গোল আলুর মতো। চোখ দু'টি ছোট ছোট ধূর্ত ইঁদুরের মতো। তার উপর মোটা কাঁচের চশমা। স্বপ্না তাকে ঢুকতে দেখে চোখ বুঁজে অজ্ঞানের মতো পড়ে রইল। লোকটা ঢুকে স্বপ্নার কাছে এসে দাঁড়াল। স্বপ্নাকে চোখ বুঁজে পড়ে থাকতে দেখে লোকটা বলল, এখনও জ্ঞান ফেরেনি দেখছি, যাই বলাইবাবুকে গিয়ে খবরটা দিয়ে আসি। বলে লোকটা গ্যারেজের দরজা ভেজিয়ে দিয়ে, তালা না মেরে, খোলা রেখেই বলাইবাবুকে খবর দিতে ছুটল। স্বপ্না সেই মুহূর্তে ঝট করে মেঝে থেকে উঠে পড়ে, গ্যারেজের ভেজানো দরজা খুলে, বাইরে বেরিয়ে এসে, গ্যারেজের পিছন দিকে এসে দাঁড়াল। উঁকি মেরে দেখল কেউ কোথাও নেই। একটা গরু মাঠে ঘাস খাচ্ছে। স্বপ্না নিশ্চুপ পায়ে ধীরে ধীরে সেদিক কিছুটা গিয়েই, রাস্তার দিকে দৌড় লাগাল। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছাল একটা বড় রাস্তার মোড়ে। একটু দাঁড়িয়ে সে হাঁপাতে লাগল। একজন বৃদ্ধা মহিলাকে দেখে স্বপ্না জানতে চাইল, এই জায়গাটার নাম কি দিদা?
- নেপালগঞ্জ।
জায়গার নামটা শুনে স্বপ্না বিভ্রাস্ত হলো। সে মনেমনে ভাবল, তাকে কি তবে ওই লোকগুলি নেপালে নিয়ে এসেছে? এখন তাহলে সে বাড়ি ফিরবে কি করে? তার কাছে কোনও টাকা-কড়ি নেই।
বইয়ের ব্যাগটাও ওরা রেখে দিয়েছে। ব্যাগটা সঙ্গে থাকলে, রূপোর পালকটা বিক্রি করে কিছু টাকা পাওয়া যেত। এইসব ভাবতে ভাবতে স্বপ্না সামনের দিকে হাঁটতে লাগল। মাঝে মাঝে সে পিছনে ফিরে তাকিয়ে দেখছিল। এইসময় একটা বাইক এসে সামনে দাঁড়াতেই স্বপ্না ভয়ে কুঁকড়ে গিয়ে, দাঁড়িয়ে পড়ল। লোকটির চোখে সানগ্লাস।
প্যান্ট শার্ট পরা। লোকটি বলল, কি খুকি স্কুলের ড্রেস পরে এদিকে কোথায় যাচ্ছো?
- কেন?
- এদিকে তো কোনও স্কুল নেই। তারপর তোমার জামায় স্কুল ব্যাজে লেখা 'আনন্দ আশ্রম স্কুল'।
স্বপ্না এবার নিজের জামায় আঁটা স্কুল ব্যাজটার দিকে তাকালো। তারপর বলল, হ্যাঁ আমি আনন্দ আশ্রমে স্কুলে পড়ি। বলে স্বপ্না তখন স্কুল ব্যাচটা খুলে তার জামার পকেটের ভিতরে যত্ন করে ভরে রাখল।
- তাহলে এদিকে কোথায় এসেছিলে?
স্বপ্না একবার ভাবল এর কাছে সত্যি কথা বলাটা ঠিক হবে কিনা? লোকটা সব শুনে আবার তাকে ধরে নিয়ে যাবে না তো? লোকটা ওদের কেউ নয় তো?
লোকটা বলল, গাড়িতে উঠে বসো, আমি গড়িয়া যাব, তোমাকে আনন্দ আশ্রম নামিয়ে দিয়ে যাব।
স্বপ্না আর কিছু না বলে ভয়ে ভয়ে গিয়ে তার গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল। কিছুক্ষণ পর গাড়িটা যেখানে এসে থামল, সেটা আনন্দ আশ্রম নয়।
স্বপ্না তাকে বলল, গাড়ি এখানে থামালেন কেন? এটা তো আনন্দ আশ্রম নয়। লোকটা একগাল হেসে বলল, গাড়িতে তেল ভরতে হবে। লোকটা স্বপ্নাকে সেখানে দাঁড়াতে বলে, গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে গেল। গাড়িতে তেল ভরতে ভরতে লোকটা আর একজন লোকের সঙ্গে কথা বলছে, স্বপ্না দেখতে পেল। তাকে নিয়েই কথা বলছে ভেবে, ভয়ে স্বপ্নার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে লোকটাকে আড়াল করে বড় রাস্তা ছেড়ে দৌড়ে নীচে নেমে এসে, গ্রামের পথ ধরে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে একটা চায়ের দোকানের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। চায়ের দোকানদার তখন চা বানাচ্ছিল। তাকে পড়ে যেতে দেখে, চা বানানো বন্ধ রেখে দ্রুত দৌড়ে এসে মেয়েটির চোখে মুখে জলের ঝাপটা দিল। চোখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল। তারপর দোকানের কয়েকজন ধরাধরি করে তাকে একটা ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তার তার নাড়ি ধরে পরীক্ষা করে দেখলেন, দুর্বলতা ও ভয়ের কারণেই সে অজ্ঞান হয়ে গেছিল। পেটে কিছু পড়েনি অনেক সময় ধরে।
চায়ের দোকানদার তার দোকান থেকে দুধ রুটি এনে তাকে খেতে দিল। দুধ রুটি খেয়ে স্বপ্না অনেকটা সুস্থ বোধ করল।
চায়ের দোকানদার তাকে বলল, কোথায় থাক মা তুমি?
- বিদ্যাসাগর কলোনী।
- সেটা কোথায়?
- নাকতলা আনন্দ আশ্রম স্কুলের কাছে।
এমন সময় স্বপ্না দেখল, বাইকঅলা লোকটা বাইক নিয়ে চায়ের দোকানটার সামনে এসে দাঁড়িয়েছে। স্বপ্নার বুকটা ধ্বক করে উঠল। সে দোকানের ভিতরের দিকে ঢুকে গিয়ে, লোকের ভিড়ের আড়ালে নিজেকে গোপন করার চেষ্টা করল। দোকনদারকে একগ্লাস চা দিতে বলে লোকটা, যেন স্বপ্নাকে দেখতে পায়নি, এই ভাব দেখিয়ে সে স্বপ্নার দিকে পিছন ফিরে রাস্তার দিকে তাকিয়ে জামার বুক পকেট থেকে সিগারেট প্যাকেট বের করে, তার থেকে একটা বের করে নিয়ে সিগারেটটা ঠোঁটে চেপে ধরে, প্যাকেটটা আবার বুক পকেটে ভরে রাখল।
তারপর প্যান্টের পকেট থেকে একটা লাইটার বের করে সিগারেটটা ধরিয়ে একটা লম্বা দিয়ে, একমুখ ধোয়া গিলে নিয়ে, নাক মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়তে লাগল।
একটু পরে লোকটা চা শেষ করে দাম মিটিয়ে দিয়ে, বাইকে উঠে সেটা চালিয়ে নিয়ে চলে গেল। স্বপ্না মনে হল এখানে দেরি করাটা বোধহয় ঠিক হবে না। বাইকওলা লোকজন নিয়ে আবার ফিরে আসতে পারে। চায়ের দোকানে দুধ রুটি খেয়ে শরীরে একটু বল পেয়েছে স্বপ্না। সে দোকানদার কে বলল, কাকু আপনি আমাকে আনন্দ আশ্রম পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা করতে পারেন? আমার কাছে কোন টাকা নেই। শুনে দোকানদার একজনকে ডেকে বলল, এই বদুরুদ্দীন তোর রিক্সায় মেয়েটাকে আনন্দ আশ্রম পৌঁছে দিয়ে আয়। ভাড়া আমি দিয়ে দিচ্ছি। কত দেব বল?
কুড়ি টাকা।
দোকানদার ক্যাশ বাক্স থেকে কুড়ি টাকার একটা নোট বের করে বদুরুদ্দীনকে দিল। বদুরুদ্দীন টাকাটা লুঙ্গির নীচে পরা প্যান্টের পকেটে রাখার জন্য লুঙ্গিটা বাঁ হাত দিয়ে উঁচু করে তুলে ধরে, ডান হাত দিয়ে প্যান্টের পকেট খুঁজে তাতে রেখে, রিক্সায় উঠে বলল, এসো খুকি রিক্সার উপরে উঠে। বদুরুদ্দীনকে লুঙ্গি উপরে তুলতে দেখে, স্বপ্না মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে ছিল।
স্বপ্না তার কথা শুনে সে রিক্সায় উঠে বসল। এখানে আর দেরি করা ঠিক না মনেহল তার।
রিক্সা চলতে শুরু করল।
........................................
SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন