অঞ্জনা মজুমদার
মূর্তি নদীর তীরে ছোট্ট গ্রাম ফুলমতি, সেখানেই সোমেন এর দাদু অবিনাশ রায় থাকেন। তিনি রিটায়ার্ড পুলিশ অফিসার। ঠাম্মা বিদিশা রায় রিটায়ার্ড হেডমিস্ট্রেশ। দুজনেই কলকাতায় ছিলেন। রিটায়ার করার পর দুজনেই গ্রামের বাড়িতে নিরিবিলি থাকতে এসেছেন। স্কুলের ছুটি পড়লেই সোমেনের ফুলমতি গ্রামে আসা চাই। বাবা মা অফিসের কাজে বেশিদিন না থাকতে পারলেও সোমেন স্কুলের পুরো ছুটি দাদু ঠাম্মার কাছে ফুলমতি গ্রামেই থাকে। গ্রামের বাড়ির বাগানের বেল,জুঁই, জবা,টগর, কামিনী আরও কত ফুলগাছ, আম, জাম, কাঁঠাল,জলপাই গাছ ছাড়াও কামরাঙা গাছটাও সোমেনের খুব প্রিয়। ঠাম্মা বলেন এই বাগানের গাছেরা আমার দাদুভাই এর খুব ভালো বন্ধু।
এবার ফুলমতিতে পৌঁছাতেই গেটের দুপাশের নানা রঙের বাগানবিলাস ফুল ঝরিয়ে, বাতাস দিয়ে, বেল বকুল তাদের মিষ্টি গন্ধ ছড়িয়ে সোমেনকে স্বাগত জানাল। কিন্তু দাদু ঠাম্মার সামনে দাঁড়িয়ে একটা মিষ্টি ছোট্ট ছেলে।
হাত বাড়িয়ে দিল, হ্যালো! তুমি নিশ্চয়ই সোমেন দাদা। আমি রোবু। আমি কি তোমার বন্ধু হতে পারি?
সোমেন অবাক আর খুশি হল। একগাল হেসে বলল, নিশ্চয়ই, আজ থেকে আমরা বন্ধু।
সেই থেকে সোমেন আর রোবু দুই বন্ধু সারাক্ষণ একসাথে বাগানে ঘোরাঘুরি করতে লাগল। ছাদে ঘুড়ি ওড়ানো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা সব দুজনে। কেবলমাত্র খাওয়ার সময় রোবু ধারে কাছে থাকত না। একবার সোমেন জিজ্ঞেসও করেছিল, ঠাম্মা রোবু কই? ও খাবে না?
ঠাম্মা হেসে বললেন, ও ঠিক সময়ে খেয়ে নিয়েছে।
খাওয়ার পর খেলা আবার খেলা। কিন্তু সন্ধ্যা নামার পরে বই খাতা নিয়ে পড়তে বসতেই হয়। দাদুর লাইব্রেরি ঘরে বিশাল টেবিলের একধারে দাদু, পাশে একটা চেয়ারে সোমেন।
দাদু চেয়ারে হেলান দিয়ে ঘুমোচ্ছেন। অঙ্কের এই সুদ কষার চ্যাপ্টারটা ভারি ঝামেলার। হঠাৎ ঝপ করে একটা আওয়াজ শোনা গেল। দাদু ঝিমোচ্ছেন। তারপর আবারও একটা শব্দ শোনা গেল। কেউ যেন গোঁ গোঁ করে আওয়াজ করছে। যেন কাউকে মুখ বেঁধে রেখেছে।
খাতা পেন রেখে সোমেন উঠে দাঁড়াল। পা টিপে টিপে দরজার বাইরে বেরিয়ে এলো। বারান্দার আলোটা জ্বলছে না। অথচ আলোটা জ্বলছিল একটু আগেই। আওয়াজটা রান্নাঘরের দিক থেকে আসছিল। সেদিকে এগোতে যাচ্ছে সোমেন, কানের কাছে ফিসফিস, আমিও তোমার সাথে আছি।
চমকে সোমেন দেখল পাশেই কখন যেন রোবু এসে দাঁড়িয়েছে। দুজন মিলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে দুজন মুখোশ পরা লোক ঠাম্মার মুখ বেঁধে আঁচল থেকে চাবির গোছা খুলে নিচ্ছে।
পেছন থেকে দাদুর গলা, তোরা এখানে কি করছিস? একি? রান্নাঘরে কি হচ্ছে? বিদিশার মুখ বেঁধে রেখেছো কে তোমরা?
মুখ ঢাকা লোক দুটো চমকে এদিকে ফিরল। আর সেই সুযোগে রোবু একটা ম্যাজিক দেখালো।
এক লাফে ওদের একজনের ঘাড়ে পড়ল। আর একজনকে দাদু আর সোমেন মিলে মাটিতে ফেলে দিল। ওদের হাত থেকে ছোরাও কেড়ে নিল রোবু আর সোমেন মিলে। রোবু বলল, ঠাম্মা দড়ি দাও। ঠাম্মা নিজের মুখের বাঁধন খুলে দড়ি নিয়ে এলেন। রোবু আর সোমেন মিলে দুজনের হাত পা বেঁধে ফেলল।
ঠাম্মা ঝাঁটা নিয়ে তেড়ে এলেন, আমার মুখ বাঁধা? তোদের মজা দেখাচ্ছি। রোবু ওদের মুখের ঢাকা খুলে দে তো!
দাদু ঘরে ঢুকেছেন এবার হাতে রিভলবার। সেটা ওদের দিকে তাক করে বললেন, দেখি মুখগুলো কে তোরা? এতো সাহস কি করে হয় তোদের?
রোবু এক ঝটকায় দুজনেরই মুখের ঢাকা খুলে দিল। দাদু আর ঠাম্মা চমকে উঠলেন। একি! তোমরা না আমাদের বাগান, ঘর পরিস্কার করতে এসেছিলে?
দাদু বললেন, রঘু কোথায়? এতো আওয়াজ হচ্ছে তাকে দেখছি না তো? নাকি তোরা রঘুকেও কিছু করেছিস?
দরজায় ধুম ধুম করে ধাক্কার আওয়াজ শোনা যাচ্ছে। রোবু আর সোমেন দৌড়ে গেল। রঘুদাদার ঘরের দরজায় আওয়াজ হচ্ছে। দরজা বাইরে থেকে শিকল তোলা। রোবু তাড়াতাড়ি দরজা খুলে দিল। রঘুদাদা হাত পা মুখ বাঁধা অবস্থায় কষ্ট করে দরজায় ধাক্কা দিচ্ছিল। সোমেন তাকে খুলে দিতেই উত্তেজিত হয়ে বলল, মা জননী ঠিক আছে তো? ডাকাতরা কিছু ক্ষতি করতে পারে নি তো?
রোবু বলল, চলো রঘুদাদা দেখবে চলো সেই ডাকাতদের।
রঘু তার লাঠিটা বাগিয়ে ধরে রান্নাঘরে তেড়ে এলো। প্রথমেই তাদের দু চার ঘা দিল দুজনকে। এই মতলবে আমাকে বাগান পরিস্কার করার চাকরির জন্য সুপারিশ করেছিলি?
দাদু বললেন, থাম থাম। আমি পুলিশে খবর দিচ্ছি। তোদের মাথা কে সেটা তো জানতে হবে?
দাদুর ফোন পেয়ে থানার বড়বাবু মিঃ সিং ফোর্স নিয়ে ছুটে এলেন। ডাকাত দুটোকে দেখে বললেন, এরা তো চেনা চোর। ভেবেছিল বাড়িতে বেশি মানুষজন নেই এই ফাঁকে টাকা গহনা নিয়ে নদী পার হয়ে পালাবে। জানেনা তো, এ বাড়ি পুলিশের বাড়ি। আর এখানে আছে রোবু যে একাই পাঁচজন লোকের সমান।
ঠাম্মা রোবুকে জড়িয়ে ধরলেন। দাদু হাসলেন। রঘুদাদা বলল, হুঁ, শুধু চার্জ খেয়ে খেয়ে রোবুর গায়ে খুব জোর। তাইতো রোবু যখন লাইব্রেরি ঘরে তখন এরা আমাকে পেছন থেকে ধরে বেঁধে ফেলল।
সোমেন অবাক হয়ে বলল, চার্জ খেয়ে মানে?
অফিসার বললেন, তুমি বোধহয় স্যরের নাতি? সবে এসেছো, তাই জানো না রোবু আসলে একটা রোবট। তোমার বাবা পাঠিয়েছেন দাদু ঠাম্মার সঙ্গীর জন্য।
সোমেনের অবাক মুখের দিকে তাকিয়ে রোবু তাকে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমরা দুজনে খুব ভালো বন্ধু তাই না দাদা?
অবাক হলেও সোমেন খুশি হয়ে রোবুকে জড়িয়ে ধরলো।
অফিসার মিঃ সিং চোর দুটোকে তাড়িয়ে জীপের দিকে নিয়ে গেলেন। হঠাৎ একটা চোর জোর ঝটকা দিয়ে কনস্টেবলের হাত ছাড়িয়ে পালাতে চেষ্টা করল।
এবার রোবুর ম্যাজিক আবারও দেখা গেল। ডিগবাজি খেয়ে চোরের পায়ে এক ধাক্কা। চোর দুজন একসাথে চিৎপটাং।
রঘুদাদাও দৌড়ে চোরেদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে গেল।
মিঃ সিং হাততালি দিয়ে উঠলেন, সাবাশ রোবু। সাবাশ রঘু। বুঝেছো সোমেন, এই রোবু আর রঘু থাকতে স্যর আর হেড দিদিমণির কোনও বিপদ হতে পারবে না।
দাদু আর ঠাম্মা সম্মতিসূচক মাথা নাড়লেন।
অফিসার কনস্টেবল আর চোরেদের নিয়ে চলে গেলেন। ঠাম্মা বললেন, রাত হয়েছে, এবার সবাই খেতে এসো। আজ বেশি কিছু নেই, চিকেন আর রুটি।
রোবু বাদে সবাই খেতে বসলো। রঘু রোবুকে চার্জ দিতে নিয়ে গেল।
.......................................
অঞ্জনা মজুমদার
এলোমেলো বাড়ি
চাঁদপুর পল্লী বাগান
পোঃ রাজবাড়ি কলোনী
কলকাতা ৭০০০৮১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন