Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬

ছবি
কিশলয়  ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬ সম্পাদক-বন্ধুর কলম প্রিয় বন্ধুরা, দুর্গাপূজার আনন্দ, ঢাকের বাদ্যি, আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর প্রিয়জনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ স্মৃতির পাতায়। মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু রেখে গেছেন আনন্দ, সম্প্রীতি, সাহস ও নতুন করে বাঁচার প্রেরণা। উৎসবের রেশ কাটলেও তার আনন্দ যেন আমাদের মন থেকে কখনও মুছে যায় না। এই আনন্দময় আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আমাদের প্রিয় ‘কিশলয়’ মাসিক শিশুকিশোর অনলাইন পত্রিকার উৎসব সংখ্যা। এই সংখ্যাটি প্রকাশের পথ মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সময়ের সীমাবদ্ধতা, নানান ব্যস্ততা এবং বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের এই প্রয়াস থেমে থাকেনি। অনেক বাধা অতিক্রম করে, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে অবশেষে আমরা তোমাদের হাতে তুলে দিতে চলেছি এই বিশেষ সংখ্যা। আমাদের কাছে ‘কিশলয়’ কেবল একটি পত্রিকা নয়, এটি ছোটদের স্বপ্ন দেখার, নিজেদের ভাবনা প্রকাশের এবং সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার একটি আপন মঞ্চ। এখানে প্রতিটি গল্প, কবিতা, ছড়া, ছবি কিংবা প্রবন্ধের মধ্যে লুকিয়ে থাকে এক একটি নতুন ভাবনা...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

ভ্রমণকাহিনী ।। পাহাড়ের হাতছানি, সমুদ্রের গর্জন ।। ইয়াছিন ইবনে ফিরোজ




পাহাড়ের হাতছানি, সমুদ্রের গর্জন 

ইয়াছিন ইবনে ফিরোজ


সারা বাংলা যখন পৌষের হাড়হিম করা শীতে আড়ষ্ট, ভ্রমণপিপাসু হৃদয়ে তখন উষ্ণতার জোয়ার। শীতকাল মানেই ভবঘুরে মনের ডানা মেলার সময়। পাহাড়ি উঁচু-নিচু পথে ক্লান্তিহীন হেঁটে চলা কিংবা কুয়াশাভেদী ভোরে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার জন্য এর চেয়ে উপযুক্ত ঋতু আর নেই। আমার জন্ম ও বেড়ে ওঠা কক্সবাজারের পেকুয়ায়, সমুদ্র ও পাহাড়ের এক অদ্ভুত মিতালীর মাঝে। সমুদ্রের নোনা বাতাসের সন্তান হয়েও পাহাড়ের বিশালতা আমাকে চুম্বকের মতো টানে। মনে হয়, পাহাড় যেন তার সবুজ বাহু প্রসারিত করে আমাকে বুকে জড়িয়ে ধরতে চায়, আর আমিও সেই আলিঙ্গন উপেক্ষা করতে পারি না।

শীতের ছুটিতে বাড়িতে অলস সময় না কাটিয়ে মনস্থির করলাম,এবার পাহাড় দেখব। বন্ধু আসিফের পরিকল্পনায় সঙ্গী হলো এরশাদ ও আরিফ। তিনজনই আমার এক ব্যাচ সিনিয়র, তবে বন্ধুত্বের টানে আমরা অবিচ্ছেদ্য। গন্তব্য মিরিঞ্জা ভ্যালি। মনের গোপন কোণে ইচ্ছে ছিল মারায়াতং, লামা ও আলিকদমও ছুঁয়ে দেখব। বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত মিরিঞ্জা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৮০০-৪,০০০ ফুট উচ্চতায়। মারমা ও ম্রো জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে। পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এই স্বর্গখণ্ড দেখার জন্য আমার মন বহুদিন ধরেই ছটফট করছিল।

দিনটি ছিল ২৮শে ডিসেম্বর, ২০২৫। ফজরের আজানের সুমধুর ধ্বনি মিলিয়ে যেতেই প্রস্তুতির পালা শেষ। কুয়াশার চাদর মুড়ি দেওয়া ভোরে পেকুয়ার শিলখালী, পেঠান মাতবর পাড়া থেকে চার বন্ধু বেরিয়ে পড়লাম। ব্যাগে ছিল জরুরি কাপড়, কাগজপত্র, হালকা খাবার এবং একটা পুরনো ক্যামেরা যা দিয়ে ধরে রাখব স্মৃতির প্রতিটি মুহূর্ত। রাস্তায় নামতেই দেখা মিলল এলাকার বড় ভাই হেলালের সাথে।কাকতালীয়ভাবে তিনি তার সিএনজি নিয়ে বের হয়েছিলেন। "কই যাস এত সকালে?" জিজ্ঞেস করলেন তিনি। "মিরিঞ্জা, ভাই। পাহাড়ের ডাকে সাড়া দিতে যাচ্ছি," উত্তর দিলাম। ঘরের ছেলে ঘরের গাড়িতে,এর চেয়ে স্বস্তির আর কী হতে পারে! পথে আরেকজন যাত্রী সঙ্গী হলেন, তাতে আমাদের আপত্তি ছিল না; বরং এলাকার ভাইয়ের উপার্জনে খুশিই হলাম। পেকুয়া রাস্তার মাথায় নেমে অন্য সিএনজিতে চকরিয়া বাস টার্মিনাল । ভোরের আলো তখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে চারপাশে।  চকরিয়া বাস টার্মিনাল নামলাম সকাল সাড়ে সাতটায়। ধোঁয়া ওঠা পরোটা, ডিম আর গরম চা দিয়ে নাস্তা সারলাম। শীতের সকালে এর চেয়ে স্বাদের আর কিছু নেই। সেখান থেকে মিরিঞ্জা যাওয়ার চান্দের  গাড়ির ( জিপ ) টিকেট কাটলাম,জনপ্রতি আশি টাকা। বাসে সত্তর টাকা ভাড়া। ছাদ খোলা গাড়িতেও যাওয়া যায়। পাহাড়ি পথে নিরাপত্তার খাতিরে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়, তাই চারজনই দুই কপি করে ফটোকপি নিয়েছিলাম। চেকপোস্টে সেনাবাহিনীর সদস্যরা ভদ্রভাবে আমাদের তথ্য নিলেন এবং নিরাপদ ভ্রমণের পরামর্শ দিলেন।

চান্দের গাড়ি চলতে শুরু করল আঁকাবাঁকা পাহাড়ি পথে। জানালা দিয়ে দেখা যাচ্ছিল সবুজ পাহাড়, বাঁশঝাড়, কলাবাগান, রাবার বাগান এবং মাঝেমধ্যে পাহাড়ি ঝিরির ঝিলমিল জল। প্রায় আধা ঘণ্টার  যাত্রায় দুর্ঘটনা ঘটল,গাড়ি বিকল হয়ে গেল। ড্রাইভার জানালেন ইঞ্জিনের সমস্যা, পরবর্তী গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। প্রায় আধা ঘণ্টার অপেক্ষা। কিন্তু ভ্রমণের নেশায় এইটুকু কষ্ট তুচ্ছ। বরং এই অপ্রত্যাশিত বিরতি আমাদের উপহার দিল প্রকৃতিকে আরও কাছ থেকে দেখার সুযোগ। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলাম দূরের পাহাড়ে মেঘের খেলা, শুনলাম নাম না জানা পাখির ডাক, অনুভব করলাম পাহাড়ি বাতাসের শীতল স্পর্শ। নতুন গাড়িতে চেপে যখন মিরিঞ্জা পৌঁছালাম, তখন প্রায় সাড়ে দশটা বাজে। গাড়ি থেকে নেমেই মিরিঞ্জা ভ্যালির পাহাড়ি উঁচু নিচু পথে হাঁটা শুরু করলাম। শুরু হলো পাহাড়ি ঢাল বেয়ে হাঁটা। ট্রেকিং পথের শুরুতেই একটা ছোট দোকানে দাঁড়ালাম। দোকানদার, একজন মারমা যুবক, জানালেন চূড়া পর্যন্ত যেতে প্রায় ৩৫ মিনিট থেকে  ৫০ মিনিট লাগবে। "ধীরে ধীরে যাইয়েন, তাড়াহুড়া করলে ক্লান্ত হয়ে যাবেন," তিনি পরামর্শ দিলেন। পথের দুপাশে গভীর ঝিরি, হঠাৎ বৃষ্টির স্বচ্ছ জলে সূর্যের আলোর প্রতিফলন। নাম না জানা বুনো ফুলের গন্ধে ভরপুর বাতাস। কলা ও ফলের বাগানের সজীবতা চোখ জুড়িয়ে দিচ্ছিল। মাঝেমধ্যে দেখা যাচ্ছিল ছোট ছোট ঝর্ণা, যেগুলো পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। পথে পথে রংবেরঙের কটেজ কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ। প্রতিটি কটেজ যেন রংধনুর এক একটা রঙ ধরে রেখেছে। কিছু কটেজের সামনে বসে পর্যটকরা চা-কফি খাচ্ছিল, কেউ কেউ ছবি তুলছিল। প্রায় ৪০ মিনিট হাঁটার পর যখন একটা উঁচু ভিউপয়েন্টে পৌঁছালাম, চোখের সামনে ভেসে উঠল এক মায়াবী দৃশ্য। পুরো মিরিঞ্জা উপত্যকা যেন এক জীবন্ত চিত্রকর্ম। সবুজ পাহাড়ের ঢেউ, তার ভাঁজে ভাঁজে মেঘের ওড়াউড়ি, দূরে নীল আকাশের বিস্তৃতি মনে হলো এ যেন মর্ত্যের বুকে এক টুকরো স্বর্গরাজ্য। "এই দৃশ্য দেখার জন্যই বারবার পাহাড়ে আসতে ইচ্ছে করে," বলল আসিফ, তার কণ্ঠে বিস্ময়। আরিফ মোবাইল বের করে ছবি তুলতে শুরু করল। কিন্তু আমরা জানি, ক্যামেরা এই সৌন্দর্যের শতকরা এক ভাগও ধরতে পারবে না। এটা শুধু চোখে দেখার এবং হৃদয়ে অনুভব করার। সেখানে একটা পাথরের ওপর বসে আমরা নীরবে প্রকৃতি উপভোগ করলাম। এরশাদ বলল, "জানিস, শহরের যান্ত্রিক জীবনে আমরা ভুলেই গেছি প্রকৃতি কত সুন্দর। এখানে এসে মনে হয় জীবন আসলে অনেক সহজ।" সত্যিই তাই। পাহাড়ের এই নিস্তব্ধতায় জীবনের জটিলতা যেন মুছে যায়, থাকে শুধু মুহূর্ত আর শান্তি। সেখানে প্রায় দেড় ঘণ্টা কাটিয়ে ছবি তোলা আর প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে করতেই ঘড়ির কাঁটা জানান দিল, লামা, মারায়াতং ও আলিকদম যাওয়ার সময় আর নেই। একটু আফসোস হলো, তবে মনে মনে প্রতিজ্ঞা করলাম পরের বার এই জায়গাগুলো অবশ্যই দেখব।

পাহাড়ের মায়া কাটিয়ে মনের গহীনে বেজে উঠল সমুদ্রের গর্জন। হঠাৎ মনে পড়ল, আমি তো সমুদ্রের ছেলে। কতদিন সমুদ্রের ঢেউয়ের সাথে খেলিনি!
"চলো কক্সবাজার যাই," প্রস্তাব দিলাম আমি।
"সমুদ্র দেখে আসি," আসিফ রাজি হলো।

প্ল্যান বদলে সোজা চকরিয়া ফিরে দুপুরের খাবার খেলাম। শিমের বিচি দিয়ে চিংড়ি মাছের ঝোল, ডাল ও শাক দিয়ে ভাত সাধারণ খাবার কিন্তু ভ্রমণের ক্লান্তিতে স্বাদ ছিল অসাধারণ। একটু বিশ্রাম নিয়ে বাস ধরলাম কক্সবাজারের উদ্দেশ্যে। বাসে বসে দেখছিলাম পথের দুই পাশের দৃশ্য। ধানক্ষেত, গ্রামের মানুষের সহজ জীবন, ছোট ছোট হাট-বাজার। এক বুড়ো মানুষ রাস্তার পাশে বাঁশের চেয়ারে বসে তামাক খাচ্ছিল, তার মুখে তৃপ্তির হাসি। মনে হলো, সুখ আসলে কত সহজ। আসরের সময় কক্সবাজার পৌঁছলাম। প্রথমে গেলাম নতুন করে তৈরি হওয়া কক্সবাজার রেল স্টেশন। আধুনিক স্থাপত্যের এই স্টেশন দেখতে বেশ সুন্দর। সেখানে ঘুরে, ছবি তুলে ফিরতে ফিরতে মাগরিবের সময় হয়ে গেল। একটা দোকানে বসে চা-নাস্তা খেলাম। কক্সবাজারের বিখ্যাত শুটকির চপ আর সিঙ্গারা খেতে খেতে আড্ডা দিলাম। তারপর গেলাম কক্সবাজার বাণিজ্য মেলায়। সেখানে নানা ধরনের স্টল, পর্যটকদের ভিড়, ক্রেতা ও বিক্রেতাদের ব‍্যস্ততা একটা উৎসবমুখর পরিবেশ। বাণিজ্য মেলা থেকে বেরিয়ে গেলাম এক বন্ধুর কাছে যে কক্স কার্নিভাল রেস্টুরেন্টে কাজ করে। আসিফদের এক ব্যাচমেট, নাম তার সাকিব। সেখানে বসে আড্ডা দিলাম প্রায় দেড় ঘণ্টা। সাকিব জানাল কক্সবাজারে পর্যটকদের আনাগোনা, সমুদ্রের বিভিন্ন গল্প।

এশার পর আমরা চারজন হাঁটতে হাঁটতে পৌঁছলাম সমুদ্র সৈকতে। রাতের সমুদ্র এক অন্য রকম অনুভূতি দেয়। দিনের ভিড় তখন কমে এসেছে, তীরে দাঁড়িয়ে আছে শুধু কিছু পর্যটক আর সমুদ্রের অবিরাম গর্জন। জুতো খুলে সমুদ্রের নোনা জলে পা রাখতেই এক অদ্ভুত শিহরণ খেলে গেল শরীরে। পায়ের নিচ থেকে বালি সরে যাওয়ার অনুভূতি যেন মনে করিয়ে দেয় সময়ের প্রবহমানতা। ঢেউ এসে পা ছুঁয়ে আবার ফিরে যায়, যেন জীবনেরই প্রতিচ্ছবি। সমুদ্রের এই গর্জন শুনলে মনে হয় প্রকৃতি আমাদের সাথে কথা বলছে। আমরা চারজন হাঁটছিলাম সৈকত ধরে। কথা বলছিলাম নানা বিষয়ে বন্ধুত্ব, জীবন, স্বপ্ন, ক্যারিয়ার। রাত যত গভীর হচ্ছিল, সমুদ্রের গর্জন তত বাড়ছিল। ঢেউগুলো আরও বড় হয়ে তীরে আছড়ে পড়ছিল। কিন্তু সৈকতের এই সৌন্দর্যের পাশাপাশি চোখে পড়ছিল এক বিষাদের ছায়া। রাত যত গভীর হচ্ছিল, তত বাড়ছিল অসামাজিক কার্যকলাপের আনাগোনা। কিছু মানুষ যারা মানবতাকে বিসর্জন দিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তাদের দেখে মন খারাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে আমার মনে হলো, মানুষ কিভাবে নিজেকে এতটা হারিয়ে ফেলতে পারে? আল্লাহ তায়ালা বৈধ পথ দেখিয়েছেন, কিন্তু মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট পথ বেছে নেয়। বিশেষ করে যুবসমাজ,যাদের হাতে দেশের ভবিষ্যৎ তারাই যখন এভাবে পথভ্রষ্ট হয়, তখন দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগে।

মাঝরাতে আমরা খেতে গেলাম একটা রেস্টুরেন্টে। গরম খিচুড়ি আর মুরগির ভুনা। শীতের রাতে এর চেয়ে ভালো খাবার আর কী হতে পারে? খাওয়ার পর আবার ফিরে এলাম সৈকতে। এবার সিট ভাড়া নিলাম বিশ্রামের জন্য প্রতি সিট এক ঘণ্টা ত্রিশ টাকা  । সারাদিন পাহাড়ে হাঁটা, তারপর সমুদ্র সৈকতে ঘোরাঘুরি শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু মন চাইছিল না ঘুমাতে। সূর্যোদয় দেখব, সেই প্রতিজ্ঞা করে রেখেছি। সৈকতে বসে থাকার মজাই আলাদা। মাঝে মাঝে  চায়ের দোকানদার আসছে, কেউ সিগারেট বিক্রি করছে, কেউ গরম কফি নিয়ে ঘুরছে। রাত সাড়ে তিনটার দিকে আবার চা খেলাম। সেই শীতের রাতে সমুদ্রের পাশে বসে গরম চা খাওয়ার অনুভূতি অসাধারণ। কিন্তু পাশাপাশি দেখছিলাম মানুষের অধঃপতন। রাত যত বাড়ছিল, যৌবনের তাড়নায় অবৈধ কার্যকলাপও বাড়ছিল। স্কুল-কলেজ পড়ুয়া তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী অনেকেই এই ফাঁদে পা দিচ্ছে। জাহেলী যুগের মতো এই ঘৃণ্য সংস্কৃতি দেখে বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছিল।

সারা রাতের নির্ঘুম ক্লান্তি আর মনের ভেতর জমে থাকা বিষাদ নিয়ে অপেক্ষা করলাম সূর্যোদয়ের। ফজরের আজান শুনে আমরা চারজন নামাজ পড়লাম সুগন্ধা সমুদ্র সৈকতের পাশের মসজিদে । সেই শীতল ভোরে, সমুদ্রের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার অনুভূতি অন্য রকম। মনে হলো, আল্লাহর কাছে মানুষের জন্য হেদায়েত চাওয়া উচিত।
ফজরের পর পূব আকাশে যখন রক্তিম আভা দেখা দিল, সমুদ্রের জল সেই আলোয় চিকচিক করে উঠল। প্রথমে একটা লাল আভা, তারপর আস্তে আস্তে পুরো সূর্যবিম্ব। সমুদ্রের জলে সূর্যের আলোর প্রতিফলন যেন সোনার নদী বয়ে যাচ্ছে। সূর্যের সেই পবিত্র উষ্ণ ছোঁয়ায় আকাশ রাঙিয়ে, সমুদ্র রাঙিয়ে, আমাদের মনও রাঙিয়ে উঠল। মনের গ্লানি মুছে ফেলার প্রার্থনা করলাম। প্রার্থনা করলাম যুবসমাজ যেন সঠিক পথ খুঁজে পায়। আমরা ছবি তুললাম। কিন্তু জানি, ক্যামেরা এই সৌন্দর্য ধরতে পারবে না। এ শুধু চোখে দেখার এবং মনে রাখার। এই সূর্যোদয় যেন জীবনের প্রতীক। যত অন্ধকারই থাকুক, একসময় আলো আসবেই। সত্যিই তাই। আমরা মানুষ। ভুল করতে পারি, পথভ্রষ্ট হতে পারি। কিন্তু তওবা করে ফিরে আসার সুযোগও আছে। সূর্য প্রতিদিন নতুন করে ওঠে, আমরাও পারি নতুন করে শুরু করতে।

ফেরার পথ ও জীবনদর্শন বাড়ির পথে যখন রওনা হলাম, তখন আমি এক পরিচিত অথচ অচেনা জগতের যাত্রী। সূর্যের আলোয় সৈকত উজ্জ্বল হয়ে উঠেছে, পর্যটকদের নতুন দল আসতে শুরু করেছে। জীবন চলছে তার নিজস্ব গতিতে।

______________________________________________________________________________________

ইয়াছিন ইবনে ফিরোজ 
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ।
 
 
 
 
 
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

কবিতা ।। হারিয়ে গেছো তুমি শরৎ ।। দীপক পাল

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

ছড়া ।। আমরা সবাই ।। ফরমান সেখ

ছড়া ।। হোমিও বুড়োর গল্প ।। গোবিন্দ মোদক

ছড়া ।। শরৎ এল ।। কান্তিলাল দাস

ছড়া ।। যুদ্ধে যাবে খোকা যে আজ ।। জয়শ্রী সরকার

ছড়া ।। শিশুশ্রম ।। সৌমেন দেবনাথ

ছোটগল্প ।। রক্ষা কালী ।। উত্তম চক্রবর্তী

মাসের পছন্দ

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

নিবন্ধ ।। ভাষাচর্চায় রামমোহন রায় ।। অরবিন্দ পুরকাইত

গল্প।। মেজমামার বেলুন ভ্রমণে বিপত্তি।। অঞ্জনা মজুমদার

গল্প।। শহীদ বালক রুদ্র শর্মা ।। সমীর কুমার দত্ত

প্রবন্ধ ।। অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড (আজব দেশে অ্যালিসের দুঃসাহসিক অভিযান) ।। শংকর ব্রহ্ম

গল্প ।। মামা বাড়ি ভারি মজা ।। মিঠুন মুখার্জী

নিবন্ধ ।। প্লাস্টিক সম্বন্ধে ১00 টি আকর্ষণীয় তথ্য ।। ডঃ চিত্তরঞ্জন দাস

ছড়া ।। ফাগুন ।। অজিত কুমার জানা

ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম

কবিতা।। ফাগুন বেলার গান ।। নিরঞ্জন মণ্ডল

বছরের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

কবিতা ।। ভারতের জাতীয় ফল ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

কবিতা ।। ব্যাডমিন্টনের রানি ।। আনন্দ বক্সী

কবিতা ।। কালোজাম ।। আনন্দ বক্সী

কবিতা ।। ভালোবাসার সেবক ।। আনন্দ বক্সী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 20th issue: May 2023

কবিতা ।। সুরকার পঞ্চম ।। আনন্দ বক্সী

কবিতা ।। বোন ।। আব্দুল্লাহ আল নোমান

ছড়া ।। তর্ক ।। তূয়া নূর

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২