নদীচরের বিস্তীর্ণ বালুকারাশি আড়াল করার জন্য মাঠ জুড়ে গজিয়েছে কাশবন। কাশফুলগুলি কয়েকদিন হল মাথা তুলে দাঁড়িয়েছে আর দুলে দুলে আগমনীর বার্তা দিচ্ছে। প্রতিবারই কাশফুল ফোটে পুজোর মরশুম জানান দেয়। এবার পুজো একটু পিছিয়ে যাওয়াতে কাশফুলগুলি মনে হচ্ছে আগেভাগেই ফোটে গেছে। আসলে কাশফুল ফোটার তিথি নেই। কাশফুল ফোটে প্রকৃতির নিয়মে আর মা আসেন আমাদের আমন্ত্রণে তিথি মেনে। মা আসার আগে পুজো পুজো ভাব সেটা শিশুমনকে নাড়া দেয় এই নদীচরের কাশবন। এছাড়া গ্রামের দাদারা বাড়িতে এসে চাঁদার রসিদ কেটে দিয়ে বলে গেছে এবারের পুজো আড়ম্বরপূর্ণ হবে। ব্যাপক আয়োজন হবে যাতে শহর থেকে আমাদের এই প্রান্তিক গ্রামে লোক পুজো দেখতে আসে। কল্পিত মন্দিরের আদলে মণ্ডপ হবে, জমকালো আলোকসজ্জা হবে, তিনদিনই অন্ন প্রসাদ থাকবে আর অষ্টমীর দিন বস্ত্র বিতরণ। তাই চাঁদা আগের বারের তুলনায় বেশি দিতে হবে। দাদারা পুজোর চাঁদা নিতে এলে দুর্গার মন বিষন্ন হয়ে যায়। বাবাকে দেখে পাড়ার দাদাদের অনুরোধ করতে চাঁদার পরিমাণটা একটু কমিয়ে দিতে। তাতে দাদারা কেমন জানি বাবার উপর ক্ষেপ্পা হয়ে যায় আর কটু কটু কথা শুনিয়ে দিয়ে গেল। গেল বছরের কথাগুলি দুর্গার মনে এখনও গেঁথে আছে।
-আপনি প্রতিবারই এমনটা বলেন। আরে, মা বছরে একবারই আসেন। মাকে দেন না বলেই মা আপনাদের দেয় না। এজন্যই আপনাদের বছরভর অভাব অনটন লেগে থাকে। মা অন্তর্যামী। সব দেখেন, শুনেন, বোঝেন। এবারের মত ছেড়ে দিলাম। আগামী বছর আর অনুরোধ চলবে না। চললাম।
শুভাশীষ শব্দকর মানে দুর্গার বাবা বাদ্য়যন্ত্র মেরামতির কাজ করেন। তবলা, ঢাক, পাখোয়াজ, ঢোলক, হারমনিয়াম সারাই করার কাজে পটু। শহর থেকে লোক আসত সারাইয়ের কাজ নিয়ে। বছর পাঁচেক হল লোক আসা দিন দিন কমছে। কারণ যান্ত্রিক বাদ্যযন্ত্রের আবিষ্কার। এখন পুজোয় ঢাক ইউটিউব থেকে সরাসরি সাউণ্ড বক্সে বাজে। কীর্তনীয়া দল কেবল শীতের মরশুমে আসে। বিয়ে বাড়িতে সানাই তবলার সুর স্তিমিত। এগুলি সেকেলের ব্যাপার স্যাপার। এখন বিয়ে, বিবাহ বার্ষিকী, পুজো ইত্যাদিতে মোবাইল এপ দিয়ে মিউজিক চালিয়ে গায়ক গায়িকা গান গায়। এই যান্ত্রিক শিল্প বিপ্লবের ঠেলায় হারিয়ে যেতে বসেছে বাদ্যযন্ত্রের শিল্পী এবং কারিগরেরা। একসময় কীর্তনীয়া দল পরিচালনা করতেন শুভাশীষ শব্দকর। অষ্টপ্রহর, চব্বিশ প্রহর কীর্তন করতেন দলবল নিয়ে। নিজে গলা দিতেন, খোল বাজাতেন। কিন্তু ওই আপদ রোগটা বাসা বেঁধেছে যে। সারতেই চায় না। গলা দিয়ে রক্তবমি হওয়ার পর ডাক্তার দেখানোর পর বললো
-অনেক দেরী করে ফেলেছেন। রোগ চতুর্থ পর্যায়ে চলে গেছে। এই বয়সে অস্ত্রপচার সহ্য করতে পারবেন না। কেমো আর রেডিয়েশন কেবল ভরসা।
শুভাশীষের মাথায় বাজ পড়েছিল। স্ত্রী সুপর্ণা তিন দিন ঠিকমতো ভাত খেতে পারেনি। কেউ কথা বলতে গেলে উল্টোপাল্টা জবাব দিত।
সে বছর তিনেক আগের কথা। কীর্তনীয়া দল ছাড়তে হল। গলা চাপ সইতে পারবে না। এখন সারাইয়ের কাজ জীবিকা নির্বাহের সম্বল। ওটা এখনও ভগবান কেড়ে নেয়নি। আর পুজো পার্বনে ঢাক বাজানোর কাজ। যেমন খোল বাজানোর হাত তেমনি ঢাক বাজানোর ক্ষেত্রে শুভাশীষের বিকল্প নেই। পুজো আসলেই বাড়তি অর্থ আসে এই ঢাক বাজিয়ে। তার জন্য শহরে যেতে হয়। মেয়ে দুর্গা একটু বড় হওয়ার সাথে সাথে শহরে পুজো দেখার জন্য বায়না করে। সেকি সম্ভব? ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত রাতে ব্যস্ত থাকতে হয় শহরের আর্য্যা ক্লাবের মণ্ডপে। এত কড়ি দিয়ে ঢাকীকে কিনেছে। যখন বাজাতে বলা হবে তখন বাজাতে হবে। রাত বাড়ার সাথে সাথে ঢাকীর ঘাম ঝরাও বাড়ে। দর্শনার্থীরা এই যান্ত্রিক যুগেও মধুর ঢাকের শব্দে বিগলিত হয় সেটা ক্লাবের লোকেদের নজর এড়ায় না। শহরে যখন রাত বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ঢল নামে তখন দুর্গার চোখে তন্দ্রা নামে। সে ঘুমের ঘোরে দেখতে পায় বাবার হাত ধরে মণ্ডপে মণ্ডপে ঘুরছে। চাটের দোকানে পেট পুরে চাউমিন, এগরোল খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছে। দুই হাত ভর্তি লাল চুড়ি, মাথায় সুন্দর বেনী আর লাল কালোয় ডোরা কাটা ছাপা জামায় শহুরে মেয়েদের থেকে অনেকগুণ সুন্দরী হয়ে উঠেছে।
-শুভশীষ দা ঘরে আছেন?
ওই সর্দার দাদাটা সকাল সকাল আবার এসেছে দেখে দুর্গার মনটা অজানা আতঙ্কে ভরে যায়। বাবা তো আগে বলেছে শহরের ক্লাবের অগ্রীম টাকাটা পেলে চাঁদা দিয়ে দেবে। এখনও তো পুজো শুরু হতে অনেক দিন বাকি। এত তাড়াহুড়া কেন?
-ওই ছুড়ি, বাবা কোথায় বল। আমি চাঁদা চাইতে আসিনি। একটা ভালো খবর দিতে এসেছি রে।
দুর্গার মনে আশা সঞ্চারিত হয়। ওরা চাঁদা মুকুব করে দিয়েছে তাহলে। বাবা ওইদিন কীইনা মুষড়ে পরেছিল। দুর্গার মুখ খুশীতে উজ্জ্বল হয়ে উঠে।
-দাঁড়াও। বাবা জল তুলতে গেছেন। আমি ডেকে দিচ্ছি।
ইদানিং শুভাশীষের বিশ্বাস ব্যাপারটা মন থেকে প্রায় উঠেই গেছে। সারা জীবন ভক্তিমার্গে চলেছেন। কাউকে কখনো ঠকাননি, আঘাত দেননি। কীর্তনীয়া দলে যখন পালা গান গাইতেন তখন দুই চোখ থেকে গাল বেয়ে অশ্রু নামতো। লোকে ভাবসমাধিস্থ হত। তিনি সব কিছুর জন্য ঈশ্বর ভরসা করতেন। সংসার চলছিল মোটামুটি ভালো ভাবেই। এখন কেন ঈশ্বর উনাকে পরীক্ষা করছেন? দীর্ঘ বারো বছর পর যখন কন্যা কোল উজ্জ্বল করে এল সেদিন ছিল ষষ্ঠী। তাই মেয়ের নাম মায়ের নাম দিয়ে রেখেছেন। মেয়েকে ডাকলে মাকে ডাকা হয়ে যাবে।
-বাবা, ওই লোকটা তোমাকে ডাকছে। বলেছে চাঁদা নিতে আসেনি।
-এদের কথায় কত ফাঁক ফোকড়! আবার কী বাহানা কে জানে। পরোপকার নাকি কোনো কাজ আদায় করার ধান্ধা?
শুভাশীষ বিড় বিড় করে বলে। অনিচ্ছার সুরে দুর্গাকে বলে
-একটু দাঁড়াতে বল। আমি আসছি।
জল তুলা শেষ করে শুভাশীষ বলে
-বলো কী কাজ? মণ্ডপের কাজ শুরু হয়েছে দেখছি। আগের বারের তুলনায় আগেভাগেই কাজ শুরু করেছ।
-হ্যাঁ। কোলকাতা থেকে মণ্ডপ তৈরীর কর্মীরা এসেছে। কুমোরটুলীর মৃৎশিল্পীরা এসেছে অনেক আগেই। মূর্তি গড়ার কাজ জোরকদমে চলছে। আর শহর থেকে আলোক সজ্জার কর্মীরা আসবে পুজোর তিনদিন আগে।
তবে ওই যে কাজের কথা জিজ্ঞেস করলেন তা হল এবার আপনাকে শহরে ঢাক বাজাতে যেতে হবে না। নিজ গ্রামের পুজোয় ঢাক বাজাবেন। আমি আজকেই অগ্রীম টাকা দেব আর এক টাকাও পুজোর চাঁদা দিতে হবে না।
-সে কী করে সম্ভব? কথা দিয়ে পাকা করে ফেলেছি। শহরের আর্য্যা ক্লাবের কোষাধক্ষ বলেছে মহালয়ার দিন অগ্রীম টাকাটা দিয়ে দেবে। তাছাড়া বছর বছর ওখানে কাজ পাই। আমি পারবো না তোমার কথা রাখতে।
-আরে শুনুন শুনুন। আমি সব জানি। আপনি যে আর্য্যা ক্লাবে ঢাক বাজান সেখানে আমাদের মন্ত্রী কথা বলবেন। প্রস্তাবটা দিয়েছেন স্বয়ং মন্ত্রী কারণ উনি এবার আমাদের গ্রামে পুজোর উদ্বোধন করতে আসছেন। গতবার আর্য্যা ক্লাবে আপনার ঢাক বাজানো শুনে উনি আপনাকে মনে রেখেছেন এবং আমাকে আপনার কথা বলেছেন। কাজেই চিন্তা নেই। উনি আপনার হয়ে ক্লাবের সচিবের সাথে কথা বলবেন। আগামীতে কাজ হারাবেন না।
জীবনের গতি প্রবাহ কখন কীভাবে মোড় নেয় কেউ জানে না। ছোট্ট দুর্গা দুয়ারে বসে বসে চুলের বেনী বাঁধছিল। এবার সবুজ চুড়ি কিনবে বলে বাবাকে বলেছে। লাল চুড়িগুলি সহপাঠী সরস্বতীকে দিয়ে দেবে কারণ ওর গতবার লাল চুড়িগুলি দেখে খুব পছন্দ হয়েছিল আর আক্ষেপ করে বলেছিল যদি ওর বাবা থাকত তবে এরকম চুড়ি ওকে কিনে দিত।
রাতে শুতে যাওয়ার আগে দুর্গা শুভাশীষের গলা জড়িয়ে বলে
-বাবা, একটা কথা বলবো?
-বলো না মা কী কথা।
-আগে তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো আমার কথা রাখবে।
-হ্যাঁ মা, সাধ্যমত তোমার সব কথা রাখবো।
-সরস্বতী এবার আমাদের সাথে শহরে পুজো দেখতে যাবে। ওর তো বাবা নেই। বলো বাবা, তুমি নিয়ে যাবে?
-নিশ্চয় নিয়ে যাব মা। এবার সবাই মিলে শহরের পুজোগুলি দেখবো কারণ আমাদের গ্রামে গভীর রাত পর্যন্ত ঢাক বাজাতে হবে না কথা হয়েছে।
শুভাশীষ দেখল তার ঘরের দুর্গা প্রশস্তি চিত্তে ঘুমোচ্ছে। নিষ্পাপ শিশুটির মুখমণ্ডল থেকে এক নির্মল দৈবিক আভা বিচ্ছুরিত হচ্ছে। সম্ভবত সরস্বতীকে বাবার সম্মতির কথা জানাতে আগামীকাল দেরী করবে না।
...........................................
রঞ্জন কুমার বণিক
শিলচর, আসাম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন