
ভুতুড়ে বাড়ির পাঁচ টাকা
কাবেরী মিত্র
প্রতিবারের মতো এবারও পাড়ার সব ছোট ছেলে-মেয়ে মিলে সরস্বতী পুজো করছে। পুজোর এক মাস আগে থেকেই শুরু হয়েছে চাঁদা তোলা। কিন্তু চাঁদা চাইতে গেলেই সবাই মজা করে বলে, “কোন ক্লাসে পড়িস? সরস্বতী বানান বল!”
এই ভয়ে মিতুল কিছুতেই চাঁদা তুলতে যেতে চায় না। সবাই বান্টিকেই পাঠায়। এবার অবশ্য বেশ ভালোই চাঁদা উঠেছে।
চাঁদা তোলা শেষ করে ফেরার সময় বান্টি হঠাৎ বলল, “আচ্ছা, ওই যে বড় বাড়িটা, ওখানে চাঁদা নিতে যাবি না?”
সবাই একসঙ্গে বলে উঠল, “না না বাবা! ওই ভুতুড়ে বাড়িতে চাঁদা নিতে যাওয়ার দরকার নেই।”
বান্টি বলল, “ভুতুড়ে বলছিস কেন? একজন ঠাকুমাকে দেখি তো থাকেন। সঙ্গে একটা বুড়ো কাজের লোকও আছে। তা ছাড়া প্রতিবার পুজোয় তো ওই লোকটা এসে পাঁচ টাকা চাঁদা দিয়ে যায়। তা হলে ভুতুড়ে কেন বলছিস? আর ওই ঠাকুমা কেন সব সময় পাঁচ টাকাই দেন?”
মিতুল বলল, “জানিস, আমার বাবা একদিন বলছিল, ওই ঠাকুমারা একসময় অনেক অবস্থাপন্ন ছিলেন। তবে আজ কেন এমন, সেটা জানি না। বাবা শুধু বলেছিল, ওখানে যাওয়ার দরকার নেই।”
সেই কথা থেকেই বান্টির মনে কৌতূহল তৈরি হল। কেন একটা বৃদ্ধ মানুষকে সবাই দূরে সরিয়ে রেখেছে? কী এমন রহস্য আছে ওই বাড়িতে? আর পুজোয় মাত্র পাঁচ টাকাই বা কেন?
পরের দিন ভোর হওয়ার আগেই বান্টি মাকে বলল, “মা, আমি ফুল তুলতে যাচ্ছি। মা সরস্বতীর মালা গাঁথতে হবে যে!”
মায়ের অনুমতি নিয়ে একটা চাদর দিয়ে মাথা ঢেকে বান্টি চুপিচুপি সেই বাড়ির কাছে গেল। দরজার ছিটকিনি খুলে ভিতরে ঢুকতেই দেখল, বাগানজুড়ে কত রকমের ফুল ফুটে আছে।
হঠাৎ তার মনে হল, কে যেন গুনগুন করে কথা বলছে। একটা উঁচু জানলার কাছে গিয়ে দুটো ইটের ওপর দাঁড়িয়ে কান পাতল। ভিতর থেকে কারও কথা বলার সঙ্গে কান্নার শব্দও ভেসে আসছে।
কৌতূহল সামলাতে না পেরে বান্টি জানলাটা একটু খুলতেই দেখল, সেই বুড়ি ঠাকুমা একটা ছবির সামনে বসে বিড়বিড় করছেন আর কাঁদছেন। চারপাশে কয়েকটা মোমবাতি জ্বলছে।
বান্টি ভাবল, “সবাই যে ভুতুড়ে বাড়ি বলে, এটা কি তবে সত্যিই ভুতুড়ে?”
আর একটু জানলা খুলতে যেতেই ইট দুটো সরে গেল। বান্টি ধরাম করে নিচে পড়ে গেল।
আওয়াজ শুনে বুড়ি চিৎকার করে উঠলেন, “কে রে?”
বান্টি পালাতে যাবে, ঠিক তখনই সামনে সেই বুড়ো লোকটা এসে দাঁড়াল।
“এই তুই এখানে এত ভোরে কী করছিস?”
এর মধ্যেই বুড়িও এসে বললেন, “দুখু, ছেলেটাকে ঘরে নিয়ে আয়।”
বান্টি ভয়ে কেঁদে বলল, “আমি কিছু করিনি। পুজোর জন্য ফুল নিতে এসেছিলাম।”
বুড়ি কোনো কথা না শুনে বললেন, “ভিতরে আয়।”
দুখু বান্টিকে ঘরে নিয়ে এল।
বুড়ি বললেন, “এবার সত্যি করে বল তো, কেন এসেছিস? ফুল নিতে তুই আসিসনি নিশ্চয়ই। সত্যি কথা বল, নয়তো এখনই তোকে জাদু করে পুতুল বানিয়ে ওই বাক্সটায় ঢুকিয়ে দেব!”
বান্টি মনে মনে ভাবল, “হে ভগবান! কেন যে এলাম!”
ভয়ে কাঁদতে কাঁদতে বলল, “ও ঠাকুমা, আমাকে পুতুল বানিও না। সবাই যে বলে এটা ভূতুড়ে বাড়ি, আমি সেটাই জানতে এসেছিলাম। সত্যিই কি এখানে ভূত আছে? তোমরা কি তবে জ্যান্ত ভূত?”
বুড়ি আর দুখু মিচকে মিচকে হাসতে লাগল।
বুড়ি বললেন, “তা কী দেখলি? আমরা জ্যান্ত ভূত?”
বান্টি মাথা নেড়ে বলল, “না, তোমরা তো মানুষ। কিন্তু তুমি ওই ছবিটা নিয়ে কী করছিলে?”
বুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে ছবিটা হাতে তুলে নিলেন।
“আমার একমাত্র ছেলে, গোপাল।”
“গোপাল! সে কি নেই?” বান্টি জিজ্ঞেস করল।
বুড়ি শাড়ির আঁচল দিয়ে ছবিটা মুছতে মুছতে বললেন, “না। আমার মানিক আমাকে ছেড়ে কবেই চলে গেছে।”
“তোমার তাহলে কে আছে, ঠাকুমা?”
“কেউ নেই রে বাপ। আমি আর এই দুখু। সেই ছোটবেলায় দুখু ওর বাপের হাত ধরে এসেছিল। সেই থেকে এখানেই থাকে। কতবার বলেছি, চলে যা। না ভালো দুমুঠো খেতে দিতে পারি, না জামাকাপড়। তবুও আমাকে ছেড়ে যায় না।”
দুখু সঙ্গে সঙ্গে বলল, “মা জননী, যেদিন তোমার সব ছিল, সেদিন তো কোনো অভাব রাখোনি। আজ তুমি দুঃখী হলে তোমাকে ছেড়ে যাব? যতদিন বাঁচবে, এই দুখু তোমার সেবা করেই যাবে।”
বান্টি এবার সাহস করে জিজ্ঞেস করল, “আচ্ছা ঠাকুমা, সবাই কেন এই বাড়িতে আসতে ভয় পায়? কেন বলে ভূতুড়ে বাড়ি?”
বুড়ি দুখুকে বললেন, “যা তো দুখু, আমাদের জন্য একটু চা করে নিয়ে আয়।”
দুখু চা আর বুড়ির হাতে বানানো নারকেল নাড়ু নিয়ে এল।
নাড়ু দেখে বান্টির মন খুশি হয়ে গেল। কিন্তু নেবো কিনা ভাবতে লাগলো।বুড়ি বুঝতে পেরে বললেন, “কী রে দাদুভাই, ভয় পাচ্ছিস? থাক, খাস না।”
বান্টি তাড়াতাড়ি একটা নিয়ে বলল, “না না, আমি নিচ্ছি। কিন্তু তুমি এবার কারণটা বলো।”
বুড়ি বলতে শুরু করলেন—
“একটা সময় আমাদের অবস্থা খুব ভালো ছিল। তোর দাদুর অনেক জমিজমা ছিল। একবার এখানে এক যোগিনী মা এল। তোর দাদুও তাকে দেখতে গেল। তারপর থেকেই রাত হলেই তার কাছে যেত আর বাড়িতে দরজা বন্ধ করে কী সব পুজো করত।
একদিন আমি তোর দাদুর পিছন পিছন গিয়ে দেখলাম, ওই যোগিনী চারদিকে আগুন জ্বালিয়ে রেখেছে আর তোর দাদু তার সামনে বসে মন্ত্র পড়ছে। ভয় পেয়ে বাড়ি ফিরে এলাম।
তারপর তোর দাদু ওই যোগিনীর কথায় একের পর এক যজ্ঞ করতে লাগল। সব জমিজমা বিক্রি করে তার পুজোর জিনিস কিনতে লাগল। আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু সে আমার কথা শুনল না।
ধীরে ধীরে সব জমি, টাকা-পয়সা শেষ হয়ে গেল। একদিন ওই যোগিনীও হঠাৎ কোথায় চলে গেল। তোর দাদু তখন পাগলের মতো শ্মশানে পড়ে থাকত। একদিন গ্রামের শেষ প্রান্তের একটা গাছে গলায় দড়ি দিয়ে মৃত অবস্থায় পাওয়া গেল।
গ্রামের সবাই বলল, ওই যোগিনীই নাকি তার প্রাণ নিয়ে গেছে।
তারপর আমি, দুখু আর আমার দশ বছরের ছেলে থাকতাম। একদিন ছেলে বলল, ‘মা, পাঁচটা টাকা দাও। ফুটবল টুর্নামেন্ট হচ্ছে।’
আমি তাকে বকে বলেছিলাম, ‘সারাদিন খালি খেলা! যা, পুকুরে স্নান করে স্কুলে যা।’
ছেলে মন খারাপ করে স্নান করতে গেল। কিন্তু আর ফিরে এল না। দুদিন পর তার দেহ পুকুরে ভেসে উঠল।
আবার সবাই বলল, ওই যোগিনীই বাবা-ছেলেকে নিয়ে গেছে। কিন্তু আমি জানি, সেসব কিছুই নয়। ওই মহিলা ছিল একজন ঠগ, প্রতারক। যজ্ঞের নামে আমাদের সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল।
তোর দাদু নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় নিজের জীবন শেষ করেছিল। আর আমার ছেলে সাঁতার জানত না। পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে চলে গিয়েছিল। তাই আর ফিরতে পারেনি।
কিন্তু কে গ্রামের মানুষকে বোঝাবে? তারা নিজেদের মতো করে সব বুঝে নিয়ে এই বাড়ির নাম দিল পিশাচের বাড়ি ভূতুড়ে বাড়ি। তারপর থেকেই সবাই আমাদের থেকে দূরে সরে গেল।”
বান্টি এতক্ষণ চুপ করে শুনছিল। এবার ছবিটার দিকে তাকিয়ে বলল, “আর ওই ছবি নিয়ে তোমার কান্না? আর পুজোয় পাঁচ টাকা দেওয়া—ওটা কী?”
ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “আমার যে বেশি দেওয়ার ক্ষমতা নেই বাপ। তাছাড়া ওই পাঁচ টাকা দিই আমার প্রায়শ্চিত্ত হিসেবে।
মানিক আমার কাছে পাঁচ টাকা চেয়েছিল। আমি দিইনি, উল্টে বকেছিলাম। তাই প্রত্যেক পুজোয় ওই পাঁচ টাকা দিয়ে বলি—ঠাকুর, আমার মানিককে ভালো রেখো। ও যেখানেই থাক, ভালো থাকুক।
রোজ রাতে ঘুম আসে না। তাই ফটো নিয়ে আমার মানিকের সঙ্গে কথা বলি। ক্ষমা চাই। বলি, একবার আমার কাছে আয় মানিক। কতদিন তোকে দেখি না!”
সব শুনে বান্টির দু-চোখ জলে ভরে গেল।
সে ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, “ঠাকুমা, এখন থেকে আমি তোমার কাছে আসব। আর আমার বন্ধুদেরও বুঝিয়ে নিয়ে আসব। তুমি কিন্তু আমাদের নারকেল নাড়ু দিও।”
এই বলে বান্টি সেদিন চলে গেল।
পুজোর দিন পাড়ার সবাই দেখল, বান্টি আর তার বন্ধুরা মিলে ঠাকুমাকে পুজোর মণ্ডপে নিয়ে এসেছে।
পাড়ার বড়রা অবাক হয়ে তাকিয়ে থাকলে বান্টি ঠাকুরের সামনে দাঁড়িয়ে সবাইকে আসল সত্যিটা বুঝিয়ে বলল।
এরপর আর কারও কোনো আপত্তি রইল না। বরং পাড়ার সবাই মিলে ঠাকুমার খেয়াল রাখতে শুরু করল।
এখন ঠাকুমা এতগুলো নাতি-নাতনি পেয়ে ধীরে ধীরে তার ছেলের শোক ভুলতে শুরু করেছে।
...........................
কাবেরী মিত্র
কলকাতা রাজারহাট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন