প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬
রাতুল ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতো | বাড়িতে, স্কুলে সকলে তাকে উৎসাহ দিত আঁকার জন্য। কিন্তু তার একটা অভ্যাস ছিল কোন আঁকা শুরু করে শেষ করতে পারত না, সব সময় মনে হতো আঁকাটা হয়তো ঠিক হচ্ছে না | এইভাবে সে পাতার পর পাতা - খাতার পর খাতা ভরিয়ে ফেলত , আর সব আঁকাই অসমাপ্ত হয়ে খাতা বাতিল হয়ে যেত।
একদিন স্কুলে ‘অংকন প্রতিযোগিতা’ ঘোষণা করা হল | অনেক ছাত্র-ছাত্রী সেখানে নাম দিয়েছে, রাতুলও নাম দিয়েছিল | সে বাড়িতে প্রতিযোগিতা জন্য নানা রকম আঁকা অনুশীলন করত, কিন্তু কোন আঁকাই তার শেষ পর্যন্ত ভালো লাগত না |
যথারীতি আঁকা প্রতিযোগিতার দিন এসে গেল | আঁকার বিষয়বস্তু দেয়া হলো “গ্রাম” | সবাই আঁকতে শুরু করল, রাতুলও আঁকতে শুরু করলো | নদী, গাছ, ফুল, ধানখেত ইত্যাদি সে আঁকলো বটে কিন্তু তার সেই পুরনো রোগ জেগে উঠল। আঁকাটি অসমাপ্ত রেখে চুপ করে বসে রইল | পাশ থেকে তার বন্ধু অনুজয় বলল, “ কিরে রাতুল, আঁকছিস না?”
রাতুল, অনুজয়ের দিকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না |
অনুজয় বলল, “ তোর এই নিখুঁত করার নেশায় কোন আঁকাই তুই শেষ করতে পারিস না|”
কথাটা রাতুলের অন্তরে বিধল। সে আবার আঁকার বোর্ড হাতে তুলে নিল। অনেক ভেবে নদীর ধারে গ্রামের পথে নতুন কিছু আঁকার চেষ্টা করল, দু-একটি মানুষের অবয়ব সে আঁকলো |
অংকন প্রতিযোগিতার ফল ঘোষণার সময় দেখা গেল তার নাম পুরস্কার প্রাপকদের মধ্যে নেই। কিন্তু যারা আঁকা সমাপ্ত করতে পেরেছে সেই তালিকা দেখে হেড স্যার রাতুলকে বললেন, “ তোমার আঁকা ভালো হয়েছে, কিন্তু আরো ভালো করতে হবে।”
বাড়ি ফিরে এসে তার সমস্ত পুরনো আঁকার খাতা বার করলো | তারপর সে দেখে দেখে ঠিক করলো সেই সমস্ত অসমাপ্ত আঁকা সে একে একে সমাপ্ত করবে | আজ থেকে কোন আঁকায় আর অসমাপ্ত রাখবে না | নিখুঁত করার নেশায় তার সবকিছু অসমাপ্ত থেকে যাচ্ছিল |
----------
মনিকা চট্টোপাধ্যায়
উত্তম ঘোষ লেন, সালকিয়া, হাওড়া - ৭১১১০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন