আসল জাদুর খোঁজে
সমীর কুমার দত্ত
পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম, চাতকপুর। সেই গ্রামে বাস করতো দশ বছরের এক ডানপিটে ছেলে, নাম দুষ্টু। দুষ্টুর চোখ দুটো খুব উজ্জ্বল, চকচকে। তার চোখে সর্বদাই ঘুরে বেড়ায় অনুসন্ধিৎসার ছায়া। গ্রামের বাকি ছেলেদের মতো সারাদিন মোবাইলের স্ক্রিনে মুখ গুঁজে পড়ে থাকে না। তার লক্ষ্য দূর গগনের চলমান মেঘেদের আনাগোনা আর পাহাড়ি প্রজাপতির পিছু ধাওয়া করা। সে কল্পনা করে চলমান মেঘেদের আর উড়ন্ত প্রজাপতির মতো কোথাও উড়ে চলে যেতে ,অনেক অনেক দূরে, আবার ইচ্ছে হলেই ফিরে আসতে পারে।
সেদিন ছিলো এক অদ্ভূত মেঘলা বিকেল। রোদের তেজ একটুও নেই, অথচ আকাশটা কেমন যেন বেগুনি আর সোনালী রঙে সেজেছে। দুষ্টু যখন পাইন বনের মধ্য দিয়ে হাঁটছিলো, তখন হঠাৎ একটা ফিসফিসানি শব্দ শুনতে পেলো।
"উফ! এই ভারী ব্যাগটা নিয়ে উড়ে যাওয়া যাচ্ছে না।"
দুষ্টু চমকে উঠে ডানদিকে তাকালো। পাইন গাছের একটা নিচু ডালে আটকে আছে অদ্ভূত এক জীব,দেখতে মানুষের মতোই, কিন্তু তার পিঠে দুটো ধোঁয়াটে ডানা আর গায়ে নীল রঙের কোট। তার কাঁধে ঝুলছে একটা মস্ত বড়ো চটের থলে।
দুষ্টু সাহস করে এগিয়ে গিয়ে বললো, " তুমি কে? আর ওখানে ওভাবে আটকে আছো কেন?
উদ্ভট জীবটা নাক কুঁচকে বললো," আমি হলাম এই অঞ্চলের মেঘ -পিওন। মানুষের মনের ভালোলাগা স্বপ্ন আর না -বলা কথাগুলো মেঘের চিঠিতে ভরে এক আকাশ থেকে অন্য আকাশে পৌঁছে দেওয়াই আমার কাজ। কিন্তু আজ বাতাসে আর্দ্রতা বড্ডো বেশি, তাই ডানা দুটো ভারি হয়ে যাওয়ার জন্য পাইন গাছের কাঁটায় আটকে গেছি।"
দুষ্টু হাসলো। সে আলতো করে মেঘ পিওনের ডানা দুটো কাঁটা থেকে ছাড়িয়ে দিলো। মুক্ত হয়ে মেঘ পিওন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং থলে থেকে একটা ছোট্ট নীল রঙের মলাটের ডায়েরি বের করে দুষ্টুর হাতে দিলো।
"উপকারের পুরস্কার" মেঘ পিওন মুচকি হেসে বললো, "এটা হলো ইচ্ছাপূরণের নীল ডায়েরি। তবে মনে রেখো দুষ্টু, এতে তুমি যা লিখবে,তার যদি অন্যের মুখে হাসি ফোটায়, তবেই তা সত্যি হবে। নিজের স্বার্থের জন্য কিছু লিখলে কিন্তু ডায়েরির পাতা সাদা হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা কথা, এ ডায়েরির ব্যাপারে তুমি কাউকে কিছু বলতে পারবে না।কেবল মাত্র তুমি একাই জানবে।"
দুষ্টু ডায়েরিটা নিয়ে বাড়ি চলে এলো। তার খুব ইচ্ছে করছিলো পরীক্ষা করে দেখতে। ভাবলো, "আমি কি একটা দামী সাইকেল চাইবো?" কিন্তু পরক্ষণেই মেঘ -পিওনের শর্তটা মনে পড়ে গেলো। সাইকেল পেলে তো শুধু তারই আনন্দ হবে, অন্যদের তো কোন উপকার হবে না, সুতরাং তাদের মুখে হাসি ফুটবে না।
হঠাৎ দুষ্টুর মনে পড়লো তাদের পাড়ার অন্ধ দাদু রমাকান্ত বাবুর কথা। দাদু চোখে দেখতে পান না বলে সারাদিন বারান্দায় বসে থাকেন আর দীর্ঘশ্বাস ফেলেন । দুষ্টু ডায়েরিটা খুললো। টেবিলের পেনদানি থেকে একটা পেন নিয়ে যত্ন করে লিখলো: আমি চাই রমাকান্ত দাদু যেন আবার এই সুন্দর পৃথিবীর সব রঙ দেখতে পান।"
লেখার সাথে সাথেই ডায়েরির পাতা থেকে একটা হালকা নীল আলো বের হলো এবং পরমুহূর্তেই তা মিলিয়ে গেলো। দুষ্টু ছুটে গেলো রমাকান্ত দাদুর বাড়ির দিকে। গিয়ে দেখলো, দাদুর উঠানে লোকের ভিড়, হৈ হট্টগোল! দাদু বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন, তবে এ দুঃখের কান্না নয়। দাদু চিৎকার করে বলছেন," আমি দেখতে পাচ্ছি! দুষ্টু, আমি তোর ওই লাল জামাটা দেখতে পাচ্ছি রে!"
গ্রামের ডাক্তার বাবু একে অলৌকিক আরোগ্য বললেও, দুষ্টু আসল রহস্যটা জানতো। তার বুকটা এক অজানা, অব্যক্ত আনন্দে ভরে উঠলো। চিৎকার করে বলতে ইচ্ছা করছিলো —এ জাদু আমার! কিন্তু না কাউকেও বলা যাবে না।
সেই থেকে দুষ্টু হয়ে উঠলো চাতকপুর গ্রামের এক গোপন জাদুকর। যখনই গ্রামের কারোর কোনো বড়ো বিপদ হতো, কারোর ফসল নষ্ট হয়ে চাষি কান্নায় ভেঙে পড়তো, কিংবা কোনো পাখি ডানা ভেঙে মাটিতে পড়ে ছটফট করতো — দুষ্টুর নীল ডায়েরিতে কলম চলতো। আর প্রতিবারই ডায়েরির পাতা থেকে ঠিকরে বের হতো সেই জাদুকরী নীল আলো।
দুষ্টু বুঝতে পারলো নিজের জন্য চাওয়ার চেয়ে, অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দটা কতো কোটি গুন বেশি মধুর। রমাকান্ত দাদুর চোখ ভালো হওয়ার পর কেটে গেছে বেশ কয়েকটা মাস। দুষ্টুর নীল ডায়েরির জাদুতে চাতকপুর গ্রামটা যেন এক টুকরো স্বর্গ হয়ে উঠেছিলো। খরায় শুকিয়ে যাওয়া চাষি রহমত চাচার ক্ষেত হঠাৎ সবুজ ফসলে ভরে উঠেছিলো, আবার ডানা ভাঙা কাঠঠোকরা পাখিটাও সুস্থ হয়ে আকাশে উড়ে গিয়েছিলো। দুষ্টু খুব সাবধানে ডায়েরিটা তার কাঠের বাক্সে লুকিয়ে রাখতো, যাতে কেউ এর গোপন কথা জানতে না পারে।
কিন্তু একদিন ঘটলো এক অদ্ভূত ঘটনা। সেদিন ছিলো অমাবস্যার রাত। চারদিক ঘুটঘুটে অন্ধকার। দুষ্টু যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ তার ঘরের জানলাটা সশব্দে খুলেগেলো।হু হু করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়লো। বাতাসের সাথে সাথে ঘরের মেঝেতে এসে পড়লো একটা কালো রঙের কুয়াশার দলা।
দুষ্টু ধড়ফড় করে বিছানায় উঠে বসলো। চোখের পলকে সেই কালো কুয়াশা রূপ নিলো এক অদ্ভূত কুৎসিত চেহারায়। তার চোখ দুটো চুল্লির মতো জ্বলছে। সে খসখসে গলায় বললো, " দুষ্টু, আমি হলাম কালো মেঘের দূত। তোর ওই নীল ডায়েরিটা আমাকে দিয়ে দে। ওটা দিয়ে আমি সারা পৃথিবীর মানুষের আনন্দ কেড়ে নিয়ে শুধু দুঃখ আর অন্ধকার ছড়িয়ে দেবো।" দুষ্টু ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে মনে মনে সাহস সঞ্চয় করলো। বললো, " না। এই ডায়েরি আমি তোমাকে কখনই দেবো না। এটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।"
কালো দূতটা ক্রূর হাসি হেসে বললো, " তাহলে জোর করেই নিতে হবে।" বলে সে দুষ্টুর কাঠের বাক্সের দিকে এগোতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক উজ্জ্বল নীল আলোর ঝলকানি দেখা দিলো।
ঘরের ছাদ ফুঁড়ে নেমে এলো স্বয়ং সেই মেঘ -পিওন! তবে আজ তার গায়ে সাধারণ নীল কোট নয়, আজ তার পরণে ঝলমলে রুপালি বর্ম।
মেঘ-পিওন গর্জে উঠে বললো, " থামো, কালো মেঘের দূত! এই ডায়েরি একজন নিঃস্বার্থ কিশোরের কাছে। এর গায়ে হাত দেওয়ার সাধ্য তোমার নেই।" মেঘ -পিওন তার চটের থলি থেকে একটা জাদুকরী বাতাসের ঝাপটা ছুঁড়ে দিলো কালো মেঘের দূতের দিকে। সেই তীব্র বাতাসে কালো মেঘের দূত চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেলো। ঘর আবার শান্ত হলো। দুষ্টু হাঁফ ছেড়ে বাঁচলো , বললো," তুমি ঠিক সময়ে না এলে আজ বড়ো বিপদ হতো।"
মেঘ-পিওন দুষ্টুর মাথায় হাত রেখে মৃদু হেসে বললো," দুষ্টু, তুমি ডায়েরিটার মর্যাদা রেখেছো। কিন্তু মনে রেখো, জাদুর ওপর চিরকাল নির্ভর করা যায় না। মানুষের আসল জাদু লুকিয়ে আছে তার নিজের অন্তরের ভালোবাসা আর সহানুভূতিতে। এই ডায়েরির পাতাগুলো আজ শেষ হতে চলেছে।"
দুষ্টু অবাক হয়ে ডায়েরিটা খুলে দেখলো, সত্যি সত্যিই পাতাগুলো ভরে গেছে, মাত্র একটা শেষ পাতা ফাঁকা আছে। মেঘ-পিওন বললো,
" এই শেষ পাতায় তুমি এমন কিছু লেখো, যা চিরকালের জন্য এই পৃথিবীর আনন্দকে টিকিয়ে রাখবে।"
দুষ্টু একটু ভাবলো। তারপর সে শেষ পাতায় তার জীবনের সবচেয়ে সুন্দর ইচ্ছাটি লিখলো : "আমি চাই এই পৃথিবীর প্রতিটি মানুষের মনে যেন অন্যের দুঃখ দেখে কষ্ট পাওয়ার এবং অন্যকে সাহায্য করার মতো একটা সুন্দর মন তৈরি হয়।"
লেখার সাথে সাথেই পুরো ডায়েরিটা এক তীব্র জাদুকরী আলোয় রূপ নিলো। সেই আলো দুষ্টুর ঘর ছেড়ে জানলার বাইরে বেরিয়ে সারা আকাশে ছড়িয়ে পড়লো। মেঘ-পিওন তৃপ্তির হাসি হেসে বললো, " তুমি এক অদ্ভূত কিশোর দুষ্টু। আজ থেকে আর কোনো জাদুর ডায়েরির প্রয়োজন নেই। তুমি মানুষের মনেই আসল জাদু বুনে দিয়েছো।"
পরদিন সকালে ঘুম থেকে উঠে দুষ্টু দেখলো ডায়েরিটা আর নেই, কিন্তু তার মনটা এক অদ্ভূত শান্তিতে ভরে আছে। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো গ্রামের মানুষ একে অপরকে জড়িয়ে ধরছে, ঝগড়া ভুলে হাসি মুখে কথা বলছে।চাতকপুর গ্রামটা আজ সত্যি সত্যিই ভালোবাসার চাদরে ঢাকা পড়েছে।আর দুষ্টু মনে মনে জানতো, মেঘ-পিওন হয়তো এখন অন্য কোন আকাশের পানে ডানা মেলেছে, নতুন কোনো নিঃস্বার্থ বন্ধুর খোঁজে।
_____________________________________________________________________________
সমীর কুমার দত্ত
পুনে, মহারাষ্ট্র
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন