প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ঊনপঞ্চাশৎ সংখ্যা ।। উৎসব ২০২৬
বীরদের বীরগাথা প্রচার করা এক মহত কাজ। “ বীরগাথা গেয়ে অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু বীরদের কথা স্মরণ করাই জীবন। “ মনে করে ব্রজ গোপাল বিশ্বাস। ব্রজদার জীবনের এখন এক মাত্র লক্ষ সর্বসাধারণ মানুষের জীবনে আলোড়ন তুলতে বীরগাথার প্রচলন বেশী বেশী করে করতে হবে। তবেই মানুষের বোকা বাক্সের মোহ কমবে। ব্রজদার মন-মেজাজ খুবই খারাপ। অনেক চেষ্টা করেও একটা নাটকের দলকে খাড়া করতে পারেনা। নেতিয়ে যায়। যতই কুশীলবদের ধরে আনে তারা সায় দেয়না। জাগ্রত ক্লাবের ছেলেরা দু-একদিন মহলায় আসে তারপর দিবা নিদ্রায় মগ্ন হয়ে পালিয়ে যায়। আর সময় দেয়না বলে, স্টেজে মেরে দেব। যার ফলে নাটক গুবলেট হয়ে যায়। দর্শকরা হাসাহাসির খোরাক করে টিভি দেখতে নিজের নিজের ব্যরাকে ঢুকে পড়ে। এর প্রতিকার করতেই হবে। অনেক প্রস্তাব কাটা ছেঁড়া চিন্তাভাবনার পর ঠিক হয় এখন আর নাটক নয় এখন গানের যুগ। বীরদের বন্দনা করে দেশাত্মবোধ জাগ্রত করতে পারলে সবাই ধন্য ধন্য করবে। এটিতে বিশ্বাসী হয়ে বীরগাথা গানের দল খুলবে ব্রজ গোপাল বিশ্বাস।
যন্ত্রপাতি কিনে শুরু হলো “বীরগাথা গানে”র রিহার্সাল। প্রথম গান “বীর সন্তানের কাহিনী না বুঝিয়ে ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কীটের দল বানায় নির্বোধ নাগরিক“। শিক্ষক নগেন নাথ ফুট কেটে বলেন, আমারা তোদেরকে নির্বোধ করেছি। রিহার্সালের তৃতীয় দিনের গান,” বহরামপুরের বীররা পাইনি সম্মান, ছিনিয়ে আনো আমাদের বীরদের মান-সম্মানে আগুনে ঘি পড়লো। গোলমাল শুরু হলো। বহরামপুরের জাগ্রত সংঘের প্রবীণ সদস্যরা রে রে করে তেড়ে এসে গানের বিষয়ে কোন কথা না বলে বলল,এই হেঁড়ে গলার শব্দ দূষণ ক্লাবের মধ্যে চলবে না। ধ্বনি ভোটে পরাজিত ব্রজদা। সহ গায়ক বটকৃষ্ণ বললো ভালো কাজে বাধা আসবে, পিছিয়ে গেলে চলবে না। আমরা বীরগাথা গান করবোই। হৃদয় হাজরার একতলার একটা ঘর ভাড়া নিয়ে শোলার চাঁদমালা, আমপাতা গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিয়ে “বীরগাথা গান”র যাত্রা শুরু হলো। নতুনভাবে নতুন গান “একবার বিদায় দে মা ঘুরে আসি।“ এক সপ্তাহ কাটতে না কাটতেই হৃদয় হাজরা জেঠু যিনি পাড়ার সবার হৃদয়ে বিরাজমান। হাজার অসুবিধা মুখ বুঁজে সহ্য করেন, কাউকে অসুন্তষ্ট করেননা। তিনিই বললেন, বাবা ব্রজ গোপাল,বটকেষ্ট তোমাদের গান ভালোই কিন্তু আমাদের প্রাণে ওই দুঃখদায়ক গান মেশিনগানের মতো আমার মগজে দাগা দিচ্ছে। মেরেকেটে এক মিনিট সওয়া যায়, তারপরে পাড়ার কুকুরদের কর্ণকুহরেও সহ্য করতে পারছেনা। আমরা কানে তুলো দিয়েও আমাদের মগজ সামলাতে পারছিনা। প্রকাশ পরিয়া বলেছে তোমাদের তুলে দিতে নয়ত পিঠে কুলো বাঁধতে। ব্রজদা জানে মানুষের মন পরিবর্তন করতে গেলে অনেক অনেক কাঁটাপথ পাড়ি দিতে হবে।
ব্রজদা স্থান পরিবর্তনেই মনোনিবেশ করে। বটকেষ্ট খুব উৎসাহী হয়ে পড়েছে। ওর বাবা ঢাক-ঢোল ভালোই বাজায়। পাড়ার বারোয়ারি পুজোতে যে ঢাকিরা ঢাক বাজাতে আসতো তার থেকেও ভালো বাজায়। , বিশেষ করে নেচে নেচে বিসর্জনের বাজনা “ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন।“ বটকেষ্টর বাবা বেচারাম কীর্তন দলের সঙ্গে নিয়মিত খোল বাজায়। ওই বাজনদারের রক্ত বটকেষ্টর শিরায় শিরায়। এই সুযোগ নষ্ট করতে চায়না, বলে - আমাদের বকখালির খালের ধারে শ্মশান পেরিয়ে যে পোড়ো বাড়িটা আছে ওখানেই আমরা রিহার্সাল করবো। ওখানে লোকজন যায়না। আমাদের কেউ কোনো ডিস্টার্ব করবেনা। আমরাও কারো ডিস্টার্বের ভাগীদার হবোনা। ব্রজদা নাকি সুরে বলে “ওঁটাতো ভূঁতের বাঁড়ি। ভাঁলই হঁবে যঁদি ভূঁতের রাঁজা আঁমাদের জঁবর জঁবর বঁর্ দেঁয়।“ বটকেষ্ট বুঝে গেছে এই সঙ্গীত সাধনায় বাধা বিঘ্ন কাটিয়ে এগিয়ে যেতে হবে। জগতে ভীতুদের ঠাঁই নেই। সাহসী হতে হবে। সবুরে মেওয়া ফলে। সংগ্রামী সাধনাতেই মোক্ষ আসে। ব্রজদাকে সাহস যুগিয়ে বটকেষ্ট বলে- ভুত টুত কিছু নেই। ভূতের ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রাখা হয়। তাছাড়া ভুতের মন্ত্রে আমার জানা –‘ভূত আমার পুত, পেত্নী আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে করবে আমার কি।‘ ব্রজদা হেসে ওঠে বলে ও সব পুরানো মন্ত্র। ওই মন্ত্রে এখন কাজ হয়না। তুই ভুতের ইতিহাস জানিস না তাই বলছিস। বটকেষ্ট অবাক হয়ে বলে ভুতদের ও বংশ তালিকা আছে। ব্রজদা অনেক কিছু জানে। আমাদের এখানে পড়ে আছে তাই তেমন কদর আমরা করিনা। কলকাতা শহরে থাকলে এতদিনে টিভিতে প্রায়ই ব্রজদার কথা আমাদের শুনতে হতো। ফটো দেখতে হতো। ব্রজদা এক নাক দিয়ে লম্বা নিঃশ্বাস টেনে অন্য নাক দিয়ে বার করে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলে, ভূত সব দেশেই আছে। জীবনে একবারও ভূতের ভয় পায়নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর অথচ প্রকাশ্যে প্রায় সবাই বলে ‘আমি ভূতকে ভয় পাইনা।‘ আমাদের প্রাচীন গ্রন্থ বেদেও ভুতের কথা আছে। তবে সেখানে ভুত-প্রেতকে পিচাশ বলা হয়েছে। বটকেষ্ট বলে এই জন্যই লোকে বলে ভূত-ভবিষ্যৎ। ব্রজদা বলে ভুত-প্রেত নিয়ে অনেক সাধনা-গবেষণা হয়েছে। এককালে থিওর্জাকক্যাল সোসাইটি এদেশেও আলোড়ন তুলেছিল। প্লানচেট করে মৃত আত্মাকে হাজির করানো একটা দারুণ মজার খেলা শুরু হয়েছিল। শুনে অবাক হবি স্বামী অভেদানন্দের লাইফ বিয়ন্ড ডেথ্ বইটিতে আত্মার ছবির স্কেচ আছে। রবীন্দ্রনাথ ও পরলোক চর্চা করেছেন।ভবিষ্যত নিয়ে যেমন ব্যবসা করে গনৎকাররা তেমনই ভূত একটা ভালো ব্যবসা। ওই দেখলিনা সত্যজিৎ রায় ও ভুতের নাচ দেখিয়ে কেমন জব্বর বর পেল। ওই ভুতের বর যদি পাই, তাই তোর কথায় রাজি হয়ে ওই পোড়ো বাড়িতে রিহার্সাল দেব।
বীরনগরের বক খালের পাশে বাড়িটা তৈরি করেছিল সাহেবরা। সেই ঝকঝকে লাল ইটের খাঁজ কাটা ম্যাট ফিনিশ কুঠির এখন জীর্ণ ধূলি ধূসরিত কুঠি। সাহেবরা নিজেরা থাকবে বলে বেশ পাকাপোক্ত করে তৈরি করেছিল, তাই এখনও ভেঙে পড়েনি তবে হেলে গেছে। সাহেবদের তাড়িয়ে দিতে পেরেছিল বলেই বহরমপুরের এই গ্রামের নাম বীরনগর রাখা হয়েছিল। এখনো কুটিরের দরজা-জানলা ঝুলছে। লাল সিমেন্টের মেঝেতে একটু ফাটল ধরেছে। শ্রাবস্তীর দেওয়াল ফুঁড়ে জংলা লতাদের উঁকিঝুঁকি। ব্রজদা, বটকেষ্ট, বলরাম তেড়েফুঁড়ে রিহার্সাল শুরু করল। বাড়ির প্রতি বর্গফুটই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। ঘরের প্রতি ইঞ্চিতে মিশে আছে দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি। এক সপ্তাহ বেশ আনন্দে কাটলো। নদিনের দিন দেখল মেঝেতে কেমন ধূসর হলদেটে জলের দাগ সঙ্গে উৎকট গন্ধ। ব্রজদা গন্ধ শুঁকেই বলে আর জায়গা পেল না। এখানেই কুকর্ম করে গেল। ব্রজদা বলে কুকুররা এই চিহ্ন দিয়ে তাদের সীমানা ঠিক রাখে। বটকেষ্ট বলে, খালের জল দিয়ে ধুয়ে সাফসুতরা করে নবোদ্যমে মহলা চালু করে দেব। সামনে সরস্বতী পুজো। পুজোর অনুষ্ঠানে বাজাতে হবে, যে করেই হোক একটা বায়না ধরতেই হবে।
দুদিন বাদে দেখা গেল নীলবর্ণের চিরকুট মেঝেতে পড়ে। নীল কাগজে কাঠ কয়লায় লেখা একটা চিঠি। প্রিয় সাধকরা, তোমাদের গানের ঠেলায় আমাদের এই বাড়িও বর্জন করতে হবে। তোমরাতো জানো ভূতের থাকার মত বাড়ি এখানে নেই। অনেক কষ্টে আমরা সংসার বেঁধেছি এখানে। আমাদের উৎখাত করোনা । ইতি- ক্যাপ্টেন থরনটন। লাল কালিতে গোটা গোটা অক্ষরে সই তার তলায় বাদামি টিপছাপ। টিপছাপের পাশে নীল কালিতে লেখা বাঁ হাতের বৃদ্ধাঙ্গুস্টির ছাপটি নাকেশ্বরীর। বলরাম সাহসী বলে পরিচিতি আছে, সেই বলরামের পা কাঁপতে থাকে, বল হারিয়ে ফেলে। বটকেষ্ট ভুতে বিশ্বাসী না হলোও মুখ কেমন যেন ফ্যাকাসে হয়ে যায়। ব্রজদা দাঁতে দাঁত চেপে বলল এর শেষ দেখে ছাড়বো। চোখ বড় বড় করে বলে থারনটন সাহেব, নাকেশ্বরীর ভুতদের কথা পড়েছি। আমি জানি দেখি কী করতে পারি।
কয়েক দিন ভালোই কাটলো। ভূতুড়েদের কোনো সাড়াশব্দ নেই। রবিবার, রিহার্সাল একটু বেশী সময় নিয়ে করা হয়। গোধুলির আলোর রেশ শেষ হয়ে গেছে। মোমবাতি জ্বালিয়ে মহলা চলছে। আলো আধাঁরি পরিবেশ। হঠাৎ ভূতুড়ে গলায় গান,” বেঁশ বেঁশ হঁবে হঁবে” একেবারেই সত্যজিৎ রায়ের, কপি রাইট করা গানটা বেজে উঠলো। সবাই ভূত ভুত চিৎকার করে দৌড়াতে লাগল। ব্রজদা ও ঘরের বাইরে। কয়েক পা হাঁটার পর চিৎকার করতে থাকে ওরে দৌড়াস না। একটু দাঁড়া আমি দেখি ভূতটা এখন কি করছে। ব্রজদা একাই টর্চ নিয়ে ঘরে ঢোকে। কোনো আওয়াজ নেই। টর্চের আলো ফেলে দেখছে, এই সময়েই আবার ভুতুড়ে কন্ঠে সেই গানটা বেজে উঠলো। ব্রজদা টর্চ ঘুরিয়ে শব্দের উৎসস্থানে ফেলে অবাক হয়ে যায়। একটা মোবাইল ফোন দেওয়ালের খাঁজে আটকানো। ওখান থেকেই গান বাজছে। সিদ্ধান্ত নেয় বিষয়টা কাউকেই বলবেনা। ড্রাইডেনের সেই স্মরণীয় উক্তি মনে পড়ে যায়, “নান বাট দি ব্রেভ ডির্জাভস দি ফেয়ার।“
ব্রজদা শাঁখের করাতের মাঝখানে পড়ে গেছে। একদিকে বাজনা অন্যদিকে বদ মানুষদের স্যাবোটেজ। এরই মাঝখানে সাধনা করে নিজেকে প্রমাণ করতে হবে। ব্রজদা একা একাই চিন্তা করতে করতে হাঁটছে, মাথায় গল্ফের টুপি। পা কখন খালপাড়ে টেনে এনেছে নিজেই বুঝতে পারেনি। সূর্য এখন পাটে বসবে। ঝাঁকড়া কতবেল গাছটার পাশের ঝোপে শকুনরা নামছে আবার উড়ে যাচ্ছে। কুকুরের ডাক শোনা যাচ্ছে। ব্রজদা দৌড়ে গিয়ে দেখে ভুলু করুণ কন্ঠে চিৎকার করছে। ওর বন্ধু লালু মাটিতে পড়ে। গলাটা ধারালো ভেজালি দিয়ে ফালা ফালা করা। লালুর গলা কেটে ওকে মেরে ফেলে এই ঝোপর আড়ালে কেউ ফেলে গেছে। ভুলু গন্ধ শুঁকে শুঁকে এখানে হাজির হয়ে ওর বন্ধুকে পাহারা দিচ্ছে। শকুন তাড়াচ্ছে। ব্রজদা টুপি খুলে ফেলে মৃত লালুকে সন্মানিত করে। কপালে মাথায় হাত বুলোতে বুলোতে বলে এটা একটা খুন। নৃশংস খুন। কপালের শিরা দপদপ করতে থাকে। চিন্তা একটাই, লালু নিরীহ কুকুর। কুকুর কে খুন করে কার লাভ। ব্রজদার মাথায় গানটা ধাক্কা মারে, “ওরে ভাইরে ভাই কত কী দেখবি এই আজব দুনিয়ায়।“ মনে পড়েছে সেই গন্ধ ধুয়ে সাফ-সুতরো করা। লালু ভুলুর জুড়ি সারা বীরনগর খ্যাত। বীরনগরের সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারে ওদের পাহারাদারি জন্য। কোন চোর গ্রামে ঢোকে না। ভয় পায়। বীরনগরের লোকেরা বলে ওড়াও বীর। সবাই ডেকে ডেকে খেতে দেয়। আদর করে। ওদের গায়ে সাদা কালোর সুন্দর ছোপ সারা শরীরে। ব্রজদা দাঁতে দাঁত চেপে মনে মনে বলে খুঁজে বার করতেই হবে শুধু আমাদের গানকে নয় লালুভুলু কেও আক্রমণ। ওরা কারা।
অগ্রহায়ণ মাসের অমাবস্যার চাদর সমগ্র বীরনগরকে গ্রাস করেছে। সারাক্ষণ জেগে থাকা খালের জলেরাও ঘুমিয়ে পড়েছে। শীত শীত রাত। তারারা মিটমিট করে জেগে আছে। রাতের শেষ প্রহর। কালো চাদরে নিজেদেরকে ঢেকে পা টিপে টিপে এগিয়ে চলেছে বীরগাথা র দল। সবার আগে লিডার ব্রজদা। জীর্ণ ঘরের জানালার খড়খড়ির ফাঁক দিয়ে আঁধারি আলো। ঘরের ভিতরে হ্যজাক জ্বলছে। ব্রজদা খড়খড়ির ফাঁকে চোখ রেখে দেখে, চারজন মুখ ঢেকে বিখ্যাত ওষুধ কোম্পানির লেবেলে তাদের নকল ওষুধে লাগিয়ে দিয়ে ব্যাগে পুড়ছে। তারা ঝটপট এই কাজ করে যাচ্ছে। পরিস্কার বোঝা যাচ্ছে ওরা নকল ওষুধের কারবারী। জীবনদায়ক ওষুধে জীবনহানিকর ভেজাল মেশাচ্ছে।
বীরনগর থানায় পোষ্টিং হয়েছে পুরঞ্জন প্রসাদ নন্দের। অনেক ডাকাতির কিনারা করে ওপর তলার নেক নজরে আছেন। গোপন খবরে জানা গেছে জাল ওষুধের কারবার হচ্ছে এই অঞ্চলে। পুরঞ্জন দারোগা চারজন হাবিলদার কে সঙ্গে নিয়ে থানায় সজাগ হয়ে বসে আছে। কখন ফোন আসবে। কোন কাজ না থাকলে সজাগ থাকলেও ঘুম আসবে। ওদের কিন্তু ঘুম আসছে না। জাগিয়ে রেখেছে মশারা। মশা মারতে মারতে জেগে থাকছে। মশারা শহীদ হচ্ছে ব্রজ দিচ্ছে মরতে মরতেও প্রহরীদের প্রহরার কাজে ব্যস্ত রাখছে। মোবাইলে থানায় ফোন করে ব্রজদা বলল, আমি যা ভেবেছি সেই আশঙ্কাই সত্যি। এখানে দুস্কৃতিরা নকল ওষুধের কারবার করছে। পুলিশ এসে গেল। ওদেরকে অ্যারেষ্ট করলো। ব্রজদার দলের সদস্যরা উদাত্ত কন্ঠে গান ধরল “ বীরদের ভূতের রাজা দিল বর জবর জবর ।"
..........................
@তপন তরফদার, প্রেমবাজার(আই আই টি)খড়্গপুর,প::মেদিনীপুর 721306
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন