পাপানের প্রজেক্ট
গোপা সোম
প্রত্যেক বার পুজোর ছুটিতে পাপান তাদের দেশের বাড়ী যায়। দেশের বাড়ীতে গেলে পাপানের খুব মজা হয়। দেশের বাড়ীতে পাপানের ঠাকুরদা, ঠাম্মি, আছেন আর সাথে ছোট পিসী আর এক কাকা থাকেন। পাপানের ছোট পিসী পাপানকে খুব ভালোবাসে, মহালয়ার দিন পাপানরা গেলেই, পাপান আর পাপান এর বোন কে নিয়ে পিসী বেড়াতে বেরিয়ে যায়, কাছাকাছি কোথাও একটা। এর পর যখন পুজো শুরু হয়ে যায়, সেই দিন থেকে পিসীর সব ছক কাটা থাকে, বিকেলে, কোনদিন কোন প্রতিমা দর্শন করবে, কতদূরে, কোনদিকে ঘুরতে যাবে, ইত্যাদি।
এমনিতে পাপানের দেশের বাড়ীটি বিশাল, মস্ত বড় বাগানবাড়ী। কি গাছ সেখানে নেই, সেটাই বারবার গিয়ে পাপান খুঁজতে থাকে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লেবু, কলা, পেঁপে, সেগুন, সব ধরণের গাছ আছে। এমনকি কাজুবাদামের গাছ, ফুলঝাড়ুর গাছ। আর গাছে গাছে কত পাখি ঘোরা ফেরা করে, এক ডাল থেকে অন্য ডালে। হনুমানের উৎপাত, নেই সেখানে। হনুমান ওখানে সচরাচর চোখে পড়ে না বলে বেঁচেছে সবাই। নয়তো বাগানের ফল পাকুড় ফেলে ছেড়ে খেয়ে রেখে, কি কাণ্ডটাই না বাধাতো!
এবার পুজোর ছুটিতেও এর ব্যতিক্রম হয় নি। পুজোর ছুটি পড়তে না পড়তেই দেশের বাড়ী যাবার প্রস্তুতি পর্ব চলে। পাপান ও বোনের জামা-কাপড় পাপানের মা গুছিয়ে দেন, ওখানে গিয়ে কী কী পরবে, সব কিছু। আর পাপান গোছায় নিজের বই খাতা। বরাবর, পাপান যতবার দেশের বাড়ী গেছে, প্রত্যেক বারই নেয় গাদা খানেক বই। পড়া হোক বা না হোক, পাপানের এগুলি নেওয়া চাইই। যেদিন পাপান বাড়ী ফিরে আসে, সেদিন সে বই গুলির ওপর হাত বোলায়, আর ভাবে, ইস্, এত কষ্ট করে টেনে আনা হলো, আর একটুও পড়া হলো না। এর পরের বার, যত বই সে আনবে, ঠিক পড়বে, সব বইগুলি। এভাবেই ভাবনা চলতে থাকে, আর প্রতি বারই একই ঘটনার পুনরাবৃত্তি। সময় যে কোথা দিয়ে বেরিয়ে যায়, দেশের বাড়ী এলে, সে বুঝতেই পারে না। তার পর আবার দুর্গাপুজো বলে কথা।
দুর্গাপুজোর পরে লক্ষ্মীপুজো, দীপাবলী, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এক একটা উৎসব লেগেই থাকে। পাপানদের স্কুল খুলে যায়, ভাইফোঁটার পরের দিন থেকেই, কিন্তু পাপানদের দেশের বাড়ীতেই বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তাই স্কুল কামাই করে পাপান ও তার বোনকে ওদের বাবা, মায়ের সঙ্গে ওই সময়টায় দেশের বাড়ীতেই থেকে যেতে হয়।
দেশের বাড়ীর বাগানের পাশে একটা রাস্তা সোজা চলে গেছে, তার পাশ দিয়ে একটা বিরাট ঝিল আছে, সেই ঝিলটাও পাপানের ঠাকুরদাদার। ওইখানে প্রচুর মাছ আছে। রুই, কাতলা, শোল, কত যে কী মাছ! ঝিলের ধারে সারাদিন বসে কেউ কেউ ছিপ দিয়ে মাছ শিকার করে। গতবার পাপান যখন এসেছিলো, পাপান এক দৃষ্টি তে তাকিয়ে দেখতো, কী ভাবে মাছের চার বানায়, মাছ গাঁথে বড়শিতে। আর সপ্তাহে, একদিন করে জেলে ভাইরা আসতো। সকাল থেকেই সেদিন কি হই চই পড়ে যেতো। জেলে ভাইরা এসে জাল ফেলতো, আর প্রচুর মাছ ধরে নিতো। চকচকে, তরতাজা মাছ গুলি সব ধরা পড়তো জালে, জলের অভাবে, ছটফট করে, বেঘোরে প্রাণ হারাতো, আর তাই দেখে পাপানের খুব কষ্ট হতো। সেই মাছ পাপানের মুখে তুলতে ইচ্ছে করতো না। পাপানের ঠাম্মি, পাপানের মাথায় হাত বুলিয়ে বোঝাতেন, দাদুভাই, জগতের এই তো নিয়ম, খাদ্য, খাদক সম্পর্ক, বাস্তুতন্ত্র ইত্যাদি ইত্যাদি। পাপান এখন নবম শ্রেণীর ছাত্র, এসব বুঝতে শিখেছে। বইতে পড়েছে সে। পাপান ঠাম্মির কানে কানে বলেছিল, ওই ঝিলের মাছ ধরা বন্ধ করলে কেমন হয়! কথাটা ঠাম্মির মনে ধরে।
কিন্তু, ভাবলেই তো হলো না, কাজে করাটা খুব মুস্কিল। সামনের বারে পাপান যখন আসবে দেশের বাড়ী, তখন সে কি করবে, তার ঠাম্মির সাথে বসে পরিকল্পনা করে রেখে দেয়। পাপান এলো দেশের বাড়ী এইবারের ছুটি কাটাতে। রবিবার জেলেদের মাছ ধরার দিন, পাপান, শনিবার বেশ রাতে ঠাম্মির সাহায্যে গোটা পঞ্চাশেক বড় মরা মাছ কিনিয়ে ছেড়ে দেয় জলে। মরা মাছ গুলি সব জলে ভাসতে থাকে, রবিবার সকালে, জেলে ভাইরা এসে অবাক, এ ওর মুখ চাওয়াচাওয়ি করতে থাকে, তাদের মাথায় বাজ পড়ে, জল নিশ্চয়ই দুষিত বা বিষাক্ত হয়ে গেছে, এই মাছ বিক্রী করলে , তাদের বিপদ অবধারিত। এই ভেবে জেলেরা সটকান দেয়।
পাপান দূর থেকে জানালা দিয়ে সব লক্ষ্য করছিলো। এক দৌড়ে ঠাম্মির কাছে খবর দিয়ে এলো, আর ঠাম্মিকে জড়িয়ে ধরলো। আর সঙ্গে সঙ্গে মরা মাছ গুলি সরিয়ে দেবার ব্যবস্থা করে দিলো। এভাবে রোজ শনিবার মাঝ রাতে মরা মাছ জলে ছাড়ে, আর রবিবার সকালে জেলেরা চলে গেলে মাছ গুলি তুলে নেয়। জল দূষিত হয়ে গেছে, এ কথা রাষ্ট্র হয়ে যায়, ওই ঝিলের মাছ ধরাও বন্ধ হয়ে যায়, রাতারাতি।
তখন পাপানের আনন্দ দেখে কে! পাপান নিজের বাড়ীতে ফিরে আসে। পুজোর ছুটির পর বিদ্যালয়ে, একটা প্রজেক্ট জমা দিতে হবে। পাপানের বিষয় ছিল “জীবকুল সংরক্ষণ”, পাপান এই প্রজেক্ট করে প্রথম পুরষ্কার লাভ করে, ও খুব সুনাম অর্জন করে।
...................................
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন