
সত্য সুখ বিশ্বাস
মধুসূদন চক্রবর্ত্তী
মাধ্যমিক পরীক্ষার পর আমাদের আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছিল, পড়াশোনার চাপ কম তাই রোজ একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ বেলা ১১টায় নিয়ম করে আমরা জমায়েত হতাম। আমরা বলতে আমি, ঝন্টু, সাগর,পলাশ আর দেবদাস। ঝন্টু নিয়মিত জিম করে,পেটাই স্বাস্থ্য, তাই ওর আসতে একটু দেরী হতো । তবে আমাদের এই আড্ডার মূখ্য আকর্ষণ ছিলেন কিন্তু আর একজন, তিনি মোটেই পরীক্ষার্থী নন , তিনি জীবনের বহু পরীক্ষা পেরিয়ে আসা ভারতীয় ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী সত্যদাদু । সত্যদাদু খুব মজার মজার কথা বলতেন এবং মজার ছড়া কাটতেন , আমরা তো শুনে হেসে লুটোপুটি খেতাম। সেই সব কথার এতো আকর্ষন ছিল যে পাশের পাড়া থেকে ব্রতীন, সৌরেন এবং আরো কয়েকজনও প্রায়ই আমাদের আড্ডায় এসে যোগ দিত।
ঝন্টু এসে গেলেই সত্যদাদু আমাদের দিকে আঙ্গুল দেখিয়ে তারপর হাত দুটোকে কোমরের একপাশে নাচের ভঙ্গিতে ঝাঁকিয়ে অদ্ভূত সুরে বলে উঠতেন-
"এইযে এ্যারোল, গাড়োল গাড়োল,
ঝনটে খায় পাঁঠার শিঙের অম্বল "
আমরা হো হো করে হেসে উঠে জিজ্ঞাসা করতাম- কেন দাদু , শিঙের অম্বল খেলে কি খুব গায়ে জোর হয় ? ' জোর হবেনা! ' , দাদু বলতেন, ' আরে শিং ব্যাপারটাইতো জোরের , দেখিস না শক্তিশালী লোকের কথা বলতে গেলে আমরা প্রথমেই বলি দারা সিং এর নাম '। আর একপ্রস্থ হাসির রোল উঠতো ।
তারপর আজব সব ছড়া বলতেন, সেগুলো এতোই মজার যে আমরা হেসে গড়াগড়ি খেতাম। কখনো বলতেন -
" হনুমান বাঁদর, সিল্কের চাদর
রাক্ষসের হাতে জামাই আদর ",
আর একটা তো ভীষণই মজার -
"বড়ো বড়ো বানরের বড়ো বড়ো পেট
লঙ্কায় গিয়ে তারা করে মাথা হেঁট "-
আবার কখনো বলতেন -
"লঙ্কায় গিয়ে হনুমান খায় কলা
রাবণকে ধরে দেয় আচ্ছা কানমলা "-
এইসব ছড়াগুলো তখন আমাদের মুখে মুখে ঘুরতো আর সবাই শুনে হাসতো ।
আর একটা মজার কথা দাদু খুব বলতেন - এই যে আমি, সত্যসুখ বিশ্বাস, বাবা মা এমন নাম রাখলো যে আমি ব্যাপারটাই পুরো নেই । আমরা অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি । দাদু বলেন- বুঝলি না তো , আচ্ছা প্রথমে ধর, সত্য, সত্য তো কবেই মারা গেছে, দেশটাতো মিথ্যাচারে ভরে গেছে রে, চারিদিকে শুধু মিথ্যা আর মিথ্যা,তারপর সুখ, সুখের দিন তো শেষ,যেদিকে দেখবি অসুখ আর অসুখ ,শেষে বিশ্বাস, সেতো অনেক আগেই হারিয়ে গেছে,এখন সব ব্যাপারে দেখি শুধুই অবিশ্বাস,তাই বলছি সত্যসুখ বিশ্বাস এর কোনো অস্তিত্বই নেই। দাদুর দীর্ঘ ব্যাখ্যা শুনে আমরা হেসে কুটিকুটি।
আমরা কে কিরকম ফ্যামিলির ছেলে সেটা দাদু খুব ভালো করেই জানতেন ।দেবদাস বড়োলোকের ছেলে,স্থানীয় রুটে ওদের একটা বাসও চলতো, তাই দেবদাসকে বলতেন -
"ধনদাসের ছেলে দেবদাস
বাজারে চালায় বড়ো বাস"-
আমরা ' দারুন ' বলে হেসে উঠতাম।
পলাশ এর পদবী শীল,জাতিতে ক্ষৌরকার ,বেশ চালাক ছেলে ,পলাশের বাবাকেও দাদু খুব ভালোভাবেই জানতেন, তাই পলাশকে ঠাট্টা করে বলতেন-
"নরের মধ্যে নাপিত চতুর
পশুর মধ্যে শেয়াল
পাখীর মধ্যে কাক চতুর
সাধে আপন খেয়াল।"-
পলাশও পাল্টা বলতো-
সত্য দাদু, বোকা হাঁদু
মিথ্যা কথাই বলে শুধু ।
দাদু থামতেন না, আবার বলতেন-
"বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া,
শীল ছোঁড়ে ঢিল, নেই তার নোড়া"-
অর্থাৎ কিনা, পলাশের স্বভাব ওর বাবার মতই আর যেটা পলাশ বললো সেটা ঢিলের মতো হাল্কা নোড়ার মতো ভারী নয়, পলাশ আর পারেনা,শুধু আমার আর সাগরের দিকে দেখিয়ে বলে - এদেরকে কিছু বলেন নাতো !
আমাদের দুজনেরই বাবা স্কুল টিচার, সাগর সামান্য হৃষ্টপুষ্ট, গায়ের রঙ একটু মাজা ,দাদু এক মূহুর্তও না ভেবে বলেন-
" দুই মাস্টারের দুই পোলা
একটা সোনা,একটা কোলা "-
আমরা দুজনেই কাঁইকাঁই করে উঠি- এমা ! আমাদের ব্যাঙ বললো,ব্যাঙ বললো । বাকিরা হা হা করে হাসতে থাকে।
আমাদের মধ্যে দেবদাসের মোবাইল ফোন ছিল,সে এইসব মজার কথা ফোনে রেকর্ড করে রাখতো।
দেখতে দেখতে মাধ্যমিকের ফল বেরিয়ে গেল, আবার সবাই স্কুলজীবনে ব্যস্ত হয়ে পড়লাম, রোজকার আড্ডা ভেঙে গেল, কোনোরকমে শুধু রবিবার একটু আড্ডা বসতো। আমাদের দেখলেই সত্যদাদু চলে আসতেন ,ওটুকু সময়ে হাসির ফোয়ারা উঠতো। একটা রবিবার আমরা সবাই এসে গেছি কিন্তু দাদুর পাত্তা নেই, কি হলো ! আমরা ছটফট করছি, এমন সময় একজন সাইকেলে করে যেতে যেতে বলে গেল সত্যদাদুর বাড়িতে নাকি কি গন্ডগোল হয়েছে। আমরা উর্ধ্বশ্বাসে ছুটলাম, গিয়ে দেখি থমথমে পরিবেশ, বাড়ীর লোকজন চিন্তিত মুখে বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে ,সত্যদাদু বারান্দার খাটে নিশ্চুপ শুয়ে,মাথার গোড়ায় ডাক্তার গলায় স্টেথোস্কোপ পরে নাড়ী পরীক্ষা করছেন। ডাক্তারবাবু দাদুর হাতটা নামিয়ে রেখে বললেন - হি ইস নো মোর, ম্যাসিভ হার্ট অ্যাটাক ।
আমরা ছলছল চোখে রকে ফিরে এলাম,দেবদাস ফোনের রেকর্ডারটা চালিয়ে দিল- "আমার তো কোনো অস্তিত্বই নেইরে,সত্য কবেই মারা গেছে, সুখের দিন শেষ আর বিশ্বাস তো হারিয়ে গেছে, চারিদিকে শুধুই অবিশ্বাস।"
না দাদু, নির্মল হাসির মাধ্যমে সত্যই যে সুখের সন্ধান আপনি দিয়ে গেলেন তা চির অম্লান থাকবে এটাই আমাদের বিশ্বাস ।
হাসির আড্ডায় আজ শুধু কান্না আর কান্না ।
____________________________
মধুসূদন চক্রবর্ত্তী
ডোমজুড় ষষ্ঠীতলা , মুখার্জি পাড়া
পোস্ট+থানা - ডোমজুড়
জেলা - হাওড়া, পিন - ৭১১৪০৫
[চিত্রঃ: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন