Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয়-৪৮ নভেম্বর, ২০২৫

ছবি
  সম্পাদকীয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? পুজোর ছুটি শেষে স্কুল যাওয়া আসা শুরু হয়েছে তোমাদের। বছরের শেষ দিকে পড়াশুনার একটা নতুন উদ্যম  শুরু হয়েছে আশা করি।  শরত শেষে হেমন্তের হাত ধরে ধীরে ধীরে শীতের আগমন ঘটছে। একটু একটু করে শীতের পোশাক চড়াতে হচ্ছে গায়ে। হেমন্তের পড়ন্ত বিকেলে সোনালী ধানের মাঠে মন চুরি যায়। ভোরের কুয়াশায় জড়িয়ে থাকে রাতের স্মৃতি।সকালে শিশিরের স্নাত ঘাসের উপর  পা দিলেই শিহরণ লাগে। শীত আসছে মানেই তো খেজুরের রস,নলেন গুড়। সারা বছর যেন আমরা মুখিয়ে থাকি তাই না? ঋতু যাওয়া আসার মাঝের সময়টাও বেশ মজাদার। বসন্তের মতো হেমন্তও ক্ষণস্থায়ী। যাওয়ার আগে মন উদাস করে দিয়ে যায়। নীল আকাশ আর বাতাসের স্নিগ্ধতায় মন কেমন করা ভাব আসে । মাঠে তখন সোনালী ধানের শীষ দোলে।কৃষকরা ব্যস্ত থাকে ধান কাটায়। চারদিকে ফসলের ঘ্রাণে ভরে ওঠে গ্রামবাংলা। তবে এই ঋতু পরিবর্তনের সময় সাবধানে থেকো সবাই। শরীরের যত্ন নিও।  আগামী শীতে  নবান্ন,পৌষপার্বণের মতো উৎসব অপেক্ষা করে আছে। সেই আনন্দে অবগাহনের আগে পরীক্ষা প্রস্তুতিও সেরে নিতে হবে। তাই না? আর সঙ্গে তো তোমাদের প্ৰিয় কিশলয় প...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন :

কবিতা ।। হাঁটছি একা ।। নিরঞ্জন মণ্ডল

 

হাঁটছি একা 

নিরঞ্জন মণ্ডল


রাতের ঘুমে স্বপ্নে এসে বললে আমায় মা--
আমায় ছেড়ে কোনোদিনই কোথাও যাবে না!
তোমার সকল যন্ত্রনাতেই আমিই শীতল ছায়া,
আমায় ঘিরেই তোমার অমল যত্ন স্নেহ মায়া
বাঁধন হারা নদীর মতোই কূল ছাপিয়ে বয় ;
ছুঁইলে আমায় ক্লান্তি-হর সুখের পরশ হয়।

একলা বসে ঘরের কোণে তাকিয়ে বাহির পানে
ঢের বেদনায় খুঁজছি কেবল এসব কথার মানে।
ঘুম-হারা চোখ গহিন রাতে তোমায় পাশে চাই--
দিন কেটে যায়,বছর ছুঁয়েও তোমার দেখা নাই!
জড়িয়ে আঁধার ঘুমিয়ে গেলে,জাগলে না আর তুমি
দারুন তাপে সেদিন থেকেই পুড়ছে মন-ভূমি।

মন বসে না পড়ায় খেলায় ইস্কুলেতে যাওয়া
ছুটির দিনে গড়ায় বিকেল হয়না তবু নাওয়া।
কেবল ভাবি আসবে তুমি,জড়িয়ে এ হাত হাতে
ফিরবে ঘরে আবেগ ভরে কপট রাগের সাথে।
ধুইয়ে দেবে সব বেদনা নাইয়ে শীতল জলে
ঘুম-হারা চোখ ঘুমকে পাবে কথার চলাচলে।

লুটায় এসব ইচ্ছেগুলো তপ্ত ধুলার পর,
তোমার পায়ের নীরব চলায় হয় না অমল ঘর!
ভাবনা গুলো ঘূর্ণি হাওয়ায় শুকনো পাতার মতো
শূন‍্য-পাকে মলিন করে স্বপ্ন ছিল যত।
খুঁজছি তবু সবখানেতেই দণ্ড-প্রহর-পলে,
হাঁটছি একাই পলক হারা স্রোতের চলাচলে।
__________________________________________
 
 
  [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

সপ্তাহের পছন্দ

মাসের পছন্দ

অতি প্রিয়